আগামী পাঁচ বছরে দেশে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য পূরণে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্রবিন্দুতে পরিণত করার পরিকল্পনা করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণায় অর্থায়ন বাড়ানো, প্রযুক্তি হস্তান্তর কার্যালয় এবং স্টার্টআপ ইনকিউবেটর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

রোববার (৮ নভেম্বর) চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামে (আইআইইউসি) তিন দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেবল গবেষণাপত্র প্রকাশের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। গবেষণার ফল বাস্তব সমস্যার সমাধান, প্রযুক্তি উদ্ভাবন এবং শিল্পের উৎপাদনশীলতা বাড়াতে কাজে লাগাতে হবে। তিনি উল্লেখ করেন, গবেষণার সাফল্য মূল্যায়নের ক্ষেত্রে প্রকাশনার পাশাপাশি নতুন প্রযুক্তি, প্রোটোটাইপ ও মেধাস্বত্বকেও গুরুত্ব দিতে হবে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলো এখনো প্রযুক্তি ও পরামর্শসেবার জন্য অনেকাংশে বিদেশের ওপর নির্ভরশীল। অথচ দেশীয় গবেষকদের এসব সমস্যা সমাধানের সক্ষমতা রয়েছে। তিনি চট্টগ্রাম বন্দরের স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা, পোশাকশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থার উন্নয়নে গবেষণার সুযোগের কথা তুলে ধরেন।

শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, গবেষকদেরও শিল্পকারখানার বাস্তব সমস্যা চিহ্নিত করে সমাধান উদ্ভাবনে এগিয়ে আসতে হবে।

অধ্যাপক মামুন আহমেদ জানান, বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি হস্তান্তর কার্যালয়ের মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তির পেটেন্ট ও মেধাস্বত্ব সংরক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাকে ব্যবসায়িক উদ্যোগে রূপ দিতে স্টার্টআপ ইনকিউবেটর প্রতিষ্ঠায় অনুদান দেওয়ার পরিকল্পনা রয়েছে।

দেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে তথ্যপ্রযুক্তি, ওষুধশিল্প, নবায়নযোগ্য জ্বালানি ও জীবপ্রযুক্তিতে গবেষণা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

আইআইইউসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও কর্মকর্তারা বক্তব্য দেন।

Source: জাগো নিউজ২৪