বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ইউনুস চৌধুরীর জাপানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির মেয়াদ আরও এক বছর বাড়ানোর অনুমতি দিয়েছে সরকার। তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক।

মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে সই করেন উপ-সচিব ড. জান্নাতুল ফেরদৌস।

আদেশে উল্লেখ করা হয়, শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ইউনুস চৌধুরীকে জাপানের এমএস ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডে সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) পদে চাকরির মেয়াদ আরও এক বছর বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। নতুন অনুমোদন অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের ৩১ আগস্ট পর্যন্ত তিনি জাপানের ওই প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন।

এর আগে ২০২৫ সালের ২ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে বিদেশে চাকরির অনুমতি দেওয়া হয়েছিল। সেই অনুমতির ধারাবাহিকতায় এবার আরও এক বছরের জন্য মেয়াদ বাড়ানো হলো।

মন্ত্রণালয়ের আদেশে আরও বলা হয়, আগের অনুমতিপত্রে নির্ধারিত শর্ত এবং সরকার সময়ে সময়ে যেসব শর্ত আরোপ করবে, সেগুলো মেনে তাঁকে বিদেশে চাকরি করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশের অনুলিপি মাউশির মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

Source: জাগো নিউজ২৪