রাজধানীর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা পর্যবেক্ষণ করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

পরিদর্শন করা প্রতিষ্ঠানগুলো হলো— ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, সিদ্ধেশ্বরী কলেজ, সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ।

পরিদর্শনকালে শিক্ষাসচিব প্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাস, শ্রেণিকক্ষ ও অফিস কক্ষ ঘুরে দেখেন। তিনি শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

শিক্ষার্থীদের উদ্দেশে আবদুল খালেক বলেন, শুধু পাঠ্যবইয়ের পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে চলবে না। খেলাধুলা, গান, কবিতা আবৃত্তি, নাটক ও ধর্মীয় কর্মকাণ্ডেও মনোযোগী হতে হবে। এসব কার্যক্রম শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশে সহায়ক।

এ সময় তিনি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করতে প্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি শিক্ষার্থীদের বিনয়ী হওয়ার আহ্বান জানান।

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়ার নির্দেশনাও দেন শিক্ষাসচিব।

পরিদর্শন শেষে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

Source: জাগো নিউজ২৪