পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তির ন্যূনতম যোগ্যতা ঠিক করার সময় এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এবং বিশ্ববিদ্যালয়গুলোর মোট আসনসংখ্যা বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একই সঙ্গে ভর্তি আবেদনের জন্য প্রয়োজনীয় জিপিএর শর্ত নিয়েও সভায় আলোচনা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে ইউজিসি কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ বিষয়গুলো উঠে আসে।
সভায় জানানো হয়, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গত বছর উত্তীর্ণের সংখ্যা ছিল সাত লাখের বেশি। অন্যদিকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মূল ক্যাম্পাসে স্নাতক প্রথমবর্ষে ভর্তির জন্য আসন রয়েছে প্রায় ৬৩ হাজার।
এ পরিস্থিতিতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণের সময় শিক্ষার্থীর সংখ্যা ও আসনসংখ্যা হিসাব করে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি। তবে আবেদনে জিপিএর শর্ত কমানো বা পরিবর্তন করার বিষয়ে সভায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সভায় আরও জানানো হয়, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। তাঁদের মধ্যে এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। তাঁদের জন্য সম্পূরক পরীক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফল পুনর্নিরীক্ষণ এবং সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও যাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন, সে লক্ষ্যে আগামী জানুয়ারি থেকে আবেদন এবং ফেব্রুয়ারি থেকে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব আইন ও স্বায়ত্তশাসন অক্ষুণ্ন রেখেই ভর্তি কার্যক্রমে সমন্বয় করা হবে।
Source: জাগো নিউজ২৪






