ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। ফাইনালে তারা ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটকে ৫২-২৯ পয়েন্টে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের জিমনেশিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার পর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। তিনি বিজয়ী দলের সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্কেটবল কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন ও শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক নয়না চৌধুরী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রের উপ-পরিচালক ও বাস্কেটবল প্রতিযোগিতার ইনচার্জ মো. আজাদ রহমান। এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এবারের প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট ৪০টি বিভাগ ও ইনস্টিটিউট অংশ নেয়।

Source: জাগো নিউজ২৪