বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি থেকে শুরু করে সনদ দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়া কেন্দ্রীয় নজরদারির আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে কোনো শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই তাঁর তথ্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠাতে হবে। ইউজিসি এসব তথ্য সংরক্ষণের পাশাপাশি কেন্দ্রীয়ভাবে সনদ দেওয়ার ব্যবস্থা করবে।
মূলত সনদ বাণিজ্য, জালিয়াতি ও অন্যান্য অনিয়ম বন্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির পরপরই তাদের তথ্য ইউজিসিতে চলে যাওয়ার ব্যবস্থা তৈরি করতে হবে। ইউজিসি কেন্দ্রীয়ভাবে সেই তথ্য সংরক্ষণ করবে এবং সেই তথ্যের ভিত্তিতে সনদ প্রদানের ব্যবস্থা করা হবে। এতে করে কোনো শিক্ষার্থী কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন এবং তাঁর শিক্ষাজীবনের তথ্য কী—সবকিছু কেন্দ্রীয়ভাবে যাচাই করা সম্ভব হবে।
কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সনদ বাণিজ্যের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, কিছু প্রতিষ্ঠান সনদ বিক্রি করে। এ ধরনের অনিয়ম বন্ধ করতে হবে। শিক্ষার্থী ভর্তি থেকে সনদ দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কেন্দ্রীয় নজরদারি থাকা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
ড. এহছানুল হক মিলন আরও বলেন, সব বেসরকারি বিশ্ববিদ্যালয় অনিয়ম করে না। সব শিক্ষকও অনিয়ম করেন না। তবে কিছু প্রতিষ্ঠানের অনিয়মের কারণে পুরো খাতের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। তাই শিক্ষার মান ও সনদের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি বলে তিনি মন্তব্য করেন।
শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করতে চান জানিয়ে মন্ত্রী বলেন, যেসব জায়গায় অনিয়ম রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তথ্যসূত্র: জাগো নিউজ
Source: জাগো নিউজ২৪






