জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসার মাধ্যমে সুস্থ ও দীর্ঘ জীবনযাপন সম্ভব—এমন ধারণাকে সামনে রেখে স্বাস্থ্য ও দীর্ঘায়ু বিষয়ে সহযোগিতার উদ্যোগ নিয়েছে থাইল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান জেনেসেন গ্রুপ এবং চট্টগ্রামের খুলশী ক্লাব লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) নগরীর খুলশী ক্লাব লিমিটেডে আয়োজিত স্বাস্থ্যবিষয়ক এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ আয়োজনে সহযোগী হিসেবে ছিল রিজুভা ওয়েলনেস। ‘১০০ বছর পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকা: সুস্থতা, দীর্ঘায়ু ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসার ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল সুস্থ ও দীর্ঘ জীবনযাপনের আধুনিক বৈজ্ঞানিক ধারণা, রোগ প্রতিরোধে সচেতনতা এবং ব্যক্তির শারীরিক ও মানসিক সুস্থতা এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবার গুরুত্ব তুলে ধরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলশী ক্লাবের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ উল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল, উপদেষ্টা ডা. এম এ করিম, সদ্য সাবেক সভাপতি শামসুল আলম, সাবেক সভাপতি আহমেদুল হক, সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, সহ-সভাপতি নাছির উদ্দিন, সাবেক সহ-সভাপতি অমল চন্দ্র দাশ, অর্থ সম্পাদক মো. শামসুদ্দিন, ইসি মেম্বার মোহাম্মদ আলী, মো. ফখরুল আলম, জেনেসেন গ্রুপের চিকিৎসক ওম সুচুমফিয়া, প্রতিষ্ঠানটির পরিচালক (আন্তর্জাতিক সম্পর্ক) ডা. শাহরিয়ার এবং ক্লাবের অন্য সদস্যরা।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে চিকিৎসাব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হচ্ছে রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধ, আগাম স্বাস্থ্যঝুঁকি শনাক্তকরণ ও ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা। তাঁরা উল্লেখ করেন, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, মানসিক সুস্থতা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সুস্থ ও দীর্ঘ জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তারা আরও বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির ফলে ব্যক্তির বয়স, শারীরিক অবস্থা, জীবনযাপনের ধরন, পারিবারিক স্বাস্থ্য ইতিহাস ও ব্যক্তিগত প্রয়োজন বিবেচনায় নিয়ে চিকিৎসাসেবা পরিকল্পনার গুরুত্ব বাড়ছে। তাঁদের ভাষ্য, শুধু আয়ু বাড়ানো নয়, বরং দীর্ঘ সময় সুস্থ, কর্মক্ষম ও সক্রিয় জীবনযাপন নিশ্চিত করাই ওয়েলনেস ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার অন্যতম লক্ষ্য।
দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য চিকিৎসকদের সঙ্গে ব্যক্তিগত স্বাস্থ্য পরামর্শ এবং স্বাস্থ্যবিষয়ক তথ্য পর্যালোচনার ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি বিকেলে অনুষ্ঠিত হচ্ছে ওয়েলনেস ও দীর্ঘায়ু বিষয়ে বিশেষ বৈজ্ঞানিক সেমিনার ও শিক্ষামূলক কর্মশালা। সেমিনারে সুস্থভাবে দীর্ঘ জীবনযাপন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, আধুনিক ওয়েলনেস, দীর্ঘায়ু এবং ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে ছয়টি বিষয়ভিত্তিক উপস্থাপনা থাকবে। এ সময় বিশেষজ্ঞদের সঙ্গে অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তর পর্ব ও উন্মুক্ত আলোচনাও হবে।
আয়োজকদের প্রত্যাশা, এ সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে স্বাস্থ্য, ওয়েলনেস ও দীর্ঘায়ু বিষয়ে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিশেষজ্ঞদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যতে প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।
তথ্যসূত্র: জাগো নিউজ হেলথ।
Source: জাগো নিউজ২৪






