এমপিওভুক্ত শিক্ষকদের বদলির চূড়ান্ত আদেশ জারির দাবিতে আমরণ অনশন শুরু করেছেন নারী শিক্ষকরা। গত বুধবার (২৫ নভেম্বর) থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা। আজ শুক্রবারও তারা অনশনে রয়েছেন। ‘সাধারণ বদলি প্রত্যাশী নারী শিক্ষকবৃন্দ’-এর উদ্যোগে এ অনশন চলছে।

অনশনে অংশ নেওয়া শিক্ষকরা বলছেন, এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ পাওয়া এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে বদলির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এতে বিশেষ করে নারী শিক্ষকরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে নানা ধরনের পারিবারিক, সামাজিক ও মানসিক সংকটে পড়ছেন। কয়েক মাস আগে বদলির আবেদন নেওয়া হলেও এখন পর্যন্ত চূড়ান্ত ফলাফল ও বদলির আদেশ প্রকাশ করা হয়নি।

অনশনরত শিক্ষক তাহমিনা খানম বলেন, এনটিআরসিএর মাধ্যমে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগ পেয়েছেন তারা। কিন্তু দীর্ঘদিন ধরে বদলির সুযোগ না থাকায় অনেক শিক্ষক নিজ জেলা থেকে দূরে চাকরি করতে বাধ্য হচ্ছেন। তিনি নিজে ছয় মাসের সন্তানকে নিয়ে গত ছয় বছর ধরে চাঁদপুরে চাকরি করছেন। তাঁর স্বামীর বাড়ি পাবনায়। সেখানে বদলির আবেদন করেও কোনো ফল পাননি। তিনি বলেন, নারী শিক্ষকদের অনেকেই স্বামী-সন্তান ও পরিবার থেকে দূরে থাকছেন। এতে সন্তানদের যথাযথ দেখভাল করা কঠিন হয়ে পড়ছে। পাশাপাশি নিরাপত্তাহীনতা ও পারিবারিক টানাপড়েনও তৈরি হচ্ছে। প্রায় ১৩ হাজার শিক্ষক এভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন বলে দাবি করেন তিনি।

তাহমিনা খানম আরও বলেন, বদলির জন্য বিশেষ সফটওয়্যার তৈরি এবং পরিপত্র জারি করে গত ২১ থেকে ২৭ আগস্ট পর্যন্ত আবেদন নেওয়া হয়েছিল। কিন্তু আবেদনের প্রায় তিন মাস পার হলেও চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়নি। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেও শুধু আশ্বাস পাওয়া গেছে। তাঁর দাবি, বেতন বৃদ্ধি নয়, আপাতত বদলির আদেশ কার্যকর করা হোক।

অনশনে অংশ নেওয়া ঢাকার ধানমন্ডির নিউ মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ আশরাফুল আলম বলেন, দেশের এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ছয় লাখ শিক্ষক-কর্মচারী রয়েছেন। তাদের মধ্যে অন্তত ২০ হাজার শিক্ষক নিজ জেলা থেকে ৪০০ থেকে ৭০০ কিলোমিটার দূরে চাকরি করছেন। নিজ এলাকায় পদ শূন্য থাকা সত্ত্বেও তারা বদলির সুযোগ পাচ্ছেন না। তিনি বলেন, তার নিজের জেলা নড়াইলে পদ শূন্য থাকায় সেখানে বদলির আবেদন করেছেন। তার মতো হাজারো শিক্ষক নিজ এলাকায় ফেরার অপেক্ষায় রয়েছেন।

বদলির আবেদন গ্রহণের পর সফটওয়্যারের মাধ্যমে ফলাফল প্রকাশের ব্যবস্থা প্রস্তুত থাকলেও তা প্রকাশ করা হচ্ছে না বলে উল্লেখ করেন মোহাম্মদ আশরাফুল আলম। তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, মাউশির কর্মকর্তা ও সংসদ সদস্যদের কাছে বারবার যোগাযোগ করেও সমাধান পাওয়া যায়নি। গত ২৫ নভেম্বর মাউশির পক্ষ থেকে শিক্ষকদের ডেকে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হয়। এরপরই তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে আমরণ অনশন শুরু করেন।

শিক্ষকদের দাবি, বদলির প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন শুধু চূড়ান্ত ফলাফল ও বদলির আদেশ জারি করা প্রয়োজন। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা শিক্ষকদের মানবিক দিক বিবেচনায় নিয়ে দ্রুত এ আদেশ কার্যকরের দাবি জানিয়েছেন তারা।

তথ্যসূত্র: জাগো নিউজ শিক্ষা

Source: জাগো নিউজ২৪