শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীদের কেবল বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করলেই হবে না; তাদের গড়ে তুলতে হবে এমনভাবে যেন তারা আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে পারেন। এ জন্য যুগোপযোগী শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা ও মেধা বিকাশের ওপর গুরুত্বারোপ করতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামীর বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়গুলোর। এক্ষেত্রে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি আধুনিক বিশ্বের চাহিদা অনুযায়ী গড়ে তুলতে হবে।’
তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনার থেকে পাওয়া ধারণা এবং অর্জিত জ্ঞানকে শিক্ষার বাস্তব উন্নয়নে কাজে লাগাতে হবে। এসব আয়োজন থেকে পাওয়া অভিজ্ঞতা শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
দেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশে ১৫ থেকে ৩০ বছর বয়সী প্রায় ৫ কোটি ৮০ লাখ তরুণ রয়েছেন। তাদের শিক্ষা ও মেধা বিকাশের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘দেশের এ বিশাল তরুণ জনগোষ্ঠী এখন অদৃশ্য সম্পদ হিসেবে রয়েছে। যথাযথ শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ দিয়ে তাদের দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে। এ জন্য শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন জরুরি।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার লক্ষ্যে কাজ করছে। একই সঙ্গে শিক্ষার আধুনিকায়নে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তির সংযোজন এবং মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের ব্যবস্থা।
আধুনিক প্রযুক্তির সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করার পাশাপাশি তাদের মেধা ও দক্ষতা বিকাশে সরকার কাজ করছে। এর মাধ্যমে তরুণ জনগোষ্ঠীকে দেশের উন্নয়নে কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও আইএইউপির কোষাধ্যক্ষ ড. মো. সবুর খানসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, উপাচার্য, শিক্ষাবিদ এবং শিক্ষাখাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: জাগো নিউজ এডুকেশন।
Source: জাগো নিউজ২৪






