শিক্ষা খাতে বরাদ্দকে খরচ হিসেবে না দেখে মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন। তিনি বলেন, এই বিনিয়োগের মূল লক্ষ্য মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক ও দক্ষ মানুষ গড়ে তোলা। বড় বড় ভবন বা অবকাঠামো নির্মাণের চেয়ে মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে সরকার।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে সরকারের। এরই মধ্যে প্রথম বছরেই তা প্রায় ২ শতাংশে নেওয়া হয়েছে।
তিনি বলেন, শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো, শিক্ষা কার্যক্রমে যুক্ত কর্মকর্তাদের পাশে থাকা এবং শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একযোগে কাজ করবে।
শিক্ষার দুটি মূল উদ্দেশ্যের কথা তুলে ধরে মাহ্দী আমিন বলেন, প্রথমত মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক গড়ে তোলা, যারা সামাজিক ও পারিবারিক মূল্যবোধ ধারণ করে দেশ ও মানুষের জন্য কাজ করবেন। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের এমন দক্ষতা ও যোগ্যতা অর্জনের সুযোগ করে দেওয়া, যাতে তারা চাকরি কিংবা উদ্যোক্তা হয়ে স্বনির্ভর হতে পারেন। সহজ কথায়, শিক্ষার মাধ্যমে ‘ভালো মানুষ’ ও ‘কাজের মানুষ’ গড়ে তোলাই লক্ষ্য।
শিক্ষায় নতুন উদ্যোগ ও সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, চতুর্থ শ্রেণিতে সংস্কৃতি ও ক্রীড়া এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও কারিগরি শিক্ষাসহ চারটি নতুন বিষয় যুক্ত হচ্ছে। পাশাপাশি উচ্চশিক্ষায় শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা বাড়ানো, শিক্ষাক্রম আরও ব্যবহারিক করা এবং মূল্যায়ন পদ্ধতি নিরপেক্ষ করার কাজ চলছে।
মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রী শুধু সরকার গঠনের পর নয়, নির্বাচনী প্রচারণায়ও শিক্ষার কথা বারবার বলেছেন। জাতিসংঘেও শিক্ষাবিষয়ক রূপকল্প তুলে ধরেছেন। ১৯৮৮ সাল থেকে তৃণমূলে কাজ করার অভিজ্ঞতার আলোকে সাধারণ ও খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ২০১১ সাল থেকে গত দেড় দশক ধরে প্রধানমন্ত্রীর কাছ থেকে শিক্ষাবিষয়ক পরিকল্পনা ও নীতিমালা দেখার সুযোগ পেয়েছি। এখন সেসব নীতি বাস্তবায়নে সহযোগিতা করার সুযোগ পেয়েছি। প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু এবং প্রথম শ্রেণি থেকেই শিক্ষার্থীদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেওয়ার কথা প্রধানমন্ত্রী বহু বছর ধরে বলে আসছেন।
সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা চেয়ে মাহ্দী আমিন বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সরকারের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে দর্পণের মতো কাজ করে। শিক্ষা মন্ত্রণালয়ের কোনো ভুলত্রুটি থাকলে সাংবাদিকদের যৌক্তিক ও বস্তুনিষ্ঠ সমালোচনা করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সরকারের ভালো উদ্যোগগুলো বাস্তবায়নে সাংবাদিকদের ইতিবাচক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষা নিয়ে কাজ করা সাংবাদিকদের মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে গভীর ধারণা রয়েছে। নীতিমালা বাস্তবায়নে তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করবেন তারা। কোনো বিষয়ে ভিন্নমত থাকলে সেটিও তুলে ধরবেন।
ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এতে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, ইরাবের সাবেক সভাপতি সাব্বির নেওয়াজ, নিজামুল হক ও ফারুক হোসাইন, বর্তমান সাধারণ সম্পাদক সোলাইমান সালমান ও নূর মোহাম্মদ প্রমুখ।
Source: জাগো নিউজ২৪






