বদলির আদেশ জারির দাবিতে আমরণ অনশনরত এমপিওভুক্ত নারী শিক্ষকদের আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট। একই সঙ্গে নারী শিক্ষকদের দাবির প্রতি সংবেদনশীল হয়ে দ্রুত বদলির আদেশ জারি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতা অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ন্যায্য দাবির পক্ষে একজন শিক্ষকও রাজপথে দাঁড়ালে, তার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করি। সেই দায়িত্ববোধ থেকেই এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ইতোমধ্যে বদলি আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে।’
অধ্যক্ষ আজিজী আরও লিখেছেন, ‘আমরা আশা করি, অনশনরত অসহায় নারী শিক্ষকদের মানবিক ও যৌক্তিক দাবির প্রতি সংবেদনশীল হয়ে সরকার দ্রুত বদলির আদেশ জারি করবে।’
গত বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সাধারণ বদলি প্রত্যাশী নারী শিক্ষকবৃন্দ’–এর ব্যানারে আমরণ অনশন শুরু করেন এমপিওভুক্ত নারী শিক্ষকরা।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন গ্রহণ শেষ হয়। এতে সাড়ে ১৩ হাজারের বেশি শিক্ষক আবেদন করেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বদলির ফল প্রকাশের যাবতীয় কার্যক্রম শেষ করলেও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না মেলায় তা প্রকাশ করা সম্ভব হয়নি। আবেদন গ্রহণ শেষ হওয়ার পর আড়াই মাস পেরিয়ে গেলেও বদলির আদেশ জারি না হওয়ায় হতাশায় দিন কাটাচ্ছেন শিক্ষকরা। বিশেষ করে পরিবার থেকে দূরে কর্মরত নারী শিক্ষকরা নানান পারিবারিক ও সামাজিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। এ পরিস্থিতিতে দ্রুত বদলির আদেশ জারির দাবিতে অনশনে বসেছেন তারা।
তথ্যসূত্র: Jago News Education–এর প্রতিবেদন অনুযায়ী।
Source: জাগো নিউজ২৪






