শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, কিডনিজনিত সমস্যা নিয়ে গত ৭ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এটিএম রেজাউল হক রতন রাজধানীর আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় ও পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তাঁর বাবা ওই মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

রোববার বাদ জোহর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ আসর চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুরে পৈতৃক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

বড় ভাইয়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

Source: জাগো নিউজ২৪