জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে চলমান শিল্প ও প্রযুক্তিনির্ভর আন্তর্জাতিক মেলায় নানা দেশের শত শত প্রতিষ্ঠান যোগ দিয়েছে। এ আয়োজন ঘিরে টেকনিক্যাল গার্মেন্টস, ওয়ার্ক ক্লথ, ইন্ডাস্ট্রিয়াল টেক্সটাইল ও আধুনিক যন্ত্রপাতি খাতে নতুন প্রযুক্তি ও বাণিজ্যের সুযোগ তৈরি হয়েছে।

তবে রপ্তানিমুখী শিল্পের জন্য গুরুত্বপূর্ণ এ মেলায় প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশি প্রতিষ্ঠান অংশ নিতে পারেনি। সংশ্লিষ্টদের দাবি, সময়মতো সমন্বয়, প্রয়োজনীয় সহায়তা ও উপযুক্ত উদ্যোগের ঘাটতিতে অনেক সম্ভাবনাময় কোম্পানি সুযোগ হারিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সাধারণ পোশাকের বাইরে টেকনিক্যাল টেক্সটাইল, সেফটি ওয়ার্কওয়্যার, ইন্ডাস্ট্রিয়াল ফেব্রিক ও উচ্চমূল্যের বিশেষায়িত পোশাকে বাংলাদেশের বড় সম্ভাবনা রয়েছে। এমন মেলায় অংশ নিলে প্রযুক্তি সরবরাহকারী, বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগের পথ খোলে।

ব্যবসায়ীদের ভাষ্য, গার্মেন্টস রপ্তানিতে শীর্ষ দেশগুলোর একটি হলেও নতুন বাজার ও বেশি দামের পণ্যে ঢুকতে বাংলাদেশ যথেষ্ট রাষ্ট্রীয় সহায়তা পাচ্ছে না। তাদের মতে, সরকার, বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও শিল্প সংগঠনগুলোর উচিত বড় মেলায় উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তা প্যাকেজ, তথ্যসেবা, স্টল এবং দ্রুত ভিসা ও লজিস্টিক সহায়তার ব্যবস্থা করা।

সংশ্লিষ্টদের অভিমত, সময় থাকতে গুরুত্ব দিলে টেকনিক্যাল গার্মেন্টস ও শিল্প পোশাক রপ্তানিতেও নতুন সম্ভাবনা তৈরি হবে। তাদের মতে, ফ্র্যাঙ্কফুর্টের মেলাটি একটি সতর্কসংকেত; এখনই উদ্যোগী না হলে সম্ভাবনার বড় অংশ অন্য দেশগুলোর দখলে যেতে পারে।