লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে পুরুষে ঠাসা একটি অভিবাসী নৌকায় গ্রিসে পৌঁছেছেন এক বাংলাদেশি তরুণী। নৌকার একমাত্র নারী যাত্রী হিসেবে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

জানা গেছে, গত ৯ মে ভোরে লিবিয়া উপকূল থেকে অভিবাসীবাহী নৌকাটি গ্রিসের উদ্দেশে রওনা দেয় এবং সম্প্রতি সফলভাবে সেখানে পৌঁছায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই তরুণীর বাড়ি বরিশাল জেলায়; স্বপ্নপূরণের আশায় লিবিয়া হয়ে তিনি এই কঠিন পথ বেছে নেন।

ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ছোট নৌকায় গাদাগাদি করে বসে আছেন অনেক মানুষ। তাদের মাঝখানে হিজাব পরা ওই তরুণী শান্তভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন।

ছবিটি ঘিরে নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র। অনেকে তরুণীর সাহসের প্রশংসা করছেন এবং তার এ যাত্রাকে স্বপ্নজয় ও বীরত্ব হিসেবে দেখছেন।

অন্যদিকে অনেকে এমন ঝুঁকিপূর্ণ যাত্রার কড়া সমালোচনা করছেন। তাদের যুক্তি, ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রতিবছর হাজার হাজার মানুষ মারা যান; এতজন পুরুষের মধ্যে একজন নারীর এমন অনিরাপদ যাত্রাকে তারা আত্মঘাতী সিদ্ধান্ত বলছেন।

লিবিয়া থেকে গ্রিসের এই পথটি বর্তমানে মানবপাচারকারীদের অন্যতম প্রধান রুট। নারীদের জন্য এ রুটে শারীরিক ও মানসিক নির্যাতনের ঝুঁকিও অনেক বেশি।