ফিলিপাইনে প্রশিক্ষণ উড্ডয়নের সময় মাঝ আকাশে দুটি সামরিক বিমানের সংঘর্ষে চারজন পাইলট প্রাণ হারিয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) দেশটির বিমানবাহিনীর বরাতে এএফপি এ খবর দিয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে দুর্ঘটনাটি ঘটে ম্যানিলার দক্ষিণে ফার্নান্দো এয়ার বেসে। দুটিই ছিল এসএফ-২৬০ মডেলের এক ইঞ্জিনের প্রশিক্ষণ বিমান। বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল অ্যালভিন ক্যাপিনগুয়ান জানান, বিমান দুটি ঘাঁটির সীমানার মধ্যেই বিধ্বস্ত হয় এবং পাইলটরা ছাড়া আর কেউ হতাহত হননি।
কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে; সতর্কতা হিসেবে এসএফ-২৬০ মডেলের সব বিমানের উড্ডয়ন আপাতত বন্ধ রাখা হয়েছে। গত মে মাসেও উত্তরের বেঙ্গুয়েট প্রদেশে প্রশিক্ষণের সময় একই মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়ে দুজন সামরিক পাইলটের মৃত্যু হয়েছিল।






