ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) অন্যতম রূপকার নাই বেভানের ওপর প্রায় তিন দশক গোপনে নজরদারি চালিয়েছিল দেশটির গোয়েন্দা সংস্থা এমআই৫। অবমুক্ত হওয়া গোপন নথির বরাতে বিবিসি এ খবর দিয়েছে।
জাতীয় আর্কাইভের প্রকাশ করা নথি বলছে, ১৯৩৩ সাল থেকে ১৯৬০ সালে মৃত্যুর আগ পর্যন্ত বেভানের সংসদীয় কাজকর্ম, গতিবিধি ও নানা বৈঠকের খোঁজ রাখত এমআই৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে সরকারের সমালোচনা এবং কমিউনিস্ট পার্টির সঙ্গে সংযোগের কারণে তিনি সংস্থাটির নজরে পড়েন।
সমাজতন্ত্রী বেভান যুদ্ধের সময় প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জোট সরকারের প্রভাবশালী সমালোচকদের একজন ছিলেন। তাই এমআই৫ তাঁকে কমিউনিস্ট মতাদর্শের প্রতি সহানুভূতিশীল বলে সন্দেহ করত, যদিও নথির ইঙ্গিত, শেষমেশ উদ্বেগের কিছু মেলেনি।
১৯৫৫ সালের এক নোটে বলা হয়, কমিউনিস্ট পার্টি ও ট্রটস্কিপন্থিরা ১৯৪৩ সালের পর নানা সময়ে বেভানকে নিজেদের হয়ে কাজ করানোর চেষ্টা চালালেও ব্যর্থ হয়। তাঁর মৃত্যুর দুই বছর পর ফাইলটি খতিয়ে দেখে তৈরি এক মূল্যায়নে বলা হয়েছিল, এত বিতর্কিত মানুষ হয়েও বেভানের গোয়েন্দা নথি ছিল ‘আশ্চর্যজনকভাবে নিরীহ’।
ওয়েলসের কয়লাখনির সাবেক শ্রমিক বেভান জোরালো বক্তৃতার জন্য খ্যাতি পেয়েছিলেন, তবে দলের ভেতরে-বাইরে গোটা ব্রিটিশ সমাজেই ছিলেন বিতর্কিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্বাস্থ্যমন্ত্রী হন তিনি; ১৯৪৮ সালে সরকারি অর্থে চলা এনএইচএস প্রতিষ্ঠার কৃতিত্ব তাঁকেই দেওয়া হয়।
নতুন নথির তালিকায় আছে জার্মান কূটনীতিক ভলফগাং জু পুটলিৎসের ফাইলও, যিনি হিটলারের পরিকল্পনার খবর ব্রিটেনকে দিতেন। সোভিয়েত গোয়েন্দাদের সঙ্গে যোগসূত্র থাকা বা সন্দেহভাজনদের নথিও এসেছে, যাদের একজন ফ্র্যাঙ্ক বসার্ড; রুশ গুপ্তচরদের হাতে প্রতিরক্ষার তথ্য তুলে দেওয়ায় তাঁর ২১ বছরের কারাদণ্ড হয়েছিল।






