বৈধ কাগজপত্র নেই এমন কর্মী নিয়োগ দিলে ইতালিতে মালিকদের এখন থেকে বাড়তি ৩৬৩৭.৮৭ ইউরো জরিমানা দিতে হবে। ওই কর্মীকে তাঁর নিজ দেশে ফেরত পাঠানোর খরচ হিসেবেই এ অর্থ আদায় করা হবে।

দেশটির পুলিশ প্রধানের জারি করা নতুন ডিক্রিটি ২০ জানুয়ারি অফিশিয়াল গেজেটে প্রকাশের পরপরই কার্যকর হয়েছে। ২০২৪ সালের তুলনায় জরিমানা উল্লেখযোগ্যভাবে বেড়েছে; গত বছর প্রত্যাবাসন খরচ বাবদ যা ছিল ২৮৬৪ ইউরো, তা এখন প্রায় ৭৭০ ইউরো বেশি।

ইমিগ্রেশন আইনে অবৈধ কর্মী নিয়োগ কেবল আর্থিক নয়, ফৌজদারি অপরাধও। এ অপরাধে মালিকের কারাদণ্ড হতে পারে ৬ মাস থেকে ৩ বছর, সঙ্গে প্রত্যেক অবৈধ কর্মীর জন্য সর্বোচ্চ ৫ হাজার ইউরো মূল জরিমানা; নতুন জরিমানা যোগ হবে এর বাইরে।

তিনজনের বেশি অবৈধ কর্মী রাখা, অপ্রাপ্তবয়স্কদের কাজে লাগানো কিংবা শ্রম শোষণে জড়িত থাকলে সাজা আরও কঠোর হবে। ইতালিতে এ ধরনের শোষণ ‘কাপোরালাতো’ নামে পরিচিত, যা ঠেকাতে সরকার দীর্ঘদিন ধরে কড়া পদক্ষেপ নিচ্ছে।

সরকার জানিয়েছে, বাড়তি জরিমানার অর্থ মূলত অবৈধ কর্মীদের দেশে ফেরানোর বিমানভাড়া ও প্রশাসনিক ব্যয় মেটাতে খরচ হবে। অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ ও শ্রমবাজারে শোষণ বন্ধে একে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।