ইতালির রোমের ফিউমিসিনো (লিওনার্দো দা ভিঞ্চি) বিমানবন্দরে এক বাংলাদেশি যাত্রীর লাগেজ থেকে ২৮ কেজি রুপা ও মূল্যবান গয়না উদ্ধার করেছেন দেশটির কাস্টমস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্থানীয় সময় শুক্রবার (২ অক্টোবর) জব্দ করা এসব সামগ্রীর আনুমানিক দাম ৩৬ হাজার ইউরোর বেশি।
ওই যাত্রী ইস্তাম্বুলে যাত্রাবিরতি (লায়ওভার) নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। গোপন খবর পেয়ে ‘ফিউমিসিনো গ্রুপ’-এর কাস্টমস কর্মকর্তারা এবং ইতালির অর্থসংক্রান্ত পুলিশ বাহিনী ‘গুয়ার্দিয়া দি ফিনানজা’র রোম প্রাদেশিক কমান্ডের সদস্যরা তার ওপর নজর রাখছিলেন।
প্রথমে তার চারটি চেকড লাগেজ স্ক্যান করে অসংগতি ধরা পড়লে ব্যাগগুলো খুলে তল্লাশি চালানো হয়। ভেতরে প্লাস্টিকের মোড়কে লুকানো বিপুল পরিমাণ রুপা ও অলংকার পাওয়া যায়। গুয়ার্দিয়া দি ফিনানজা জানায়, এসবের বৈধ উৎস বা সীমান্ত পার করার কোনো কাগজপত্র ও অনুমোদন দেখাতে পারেননি ওই যাত্রী।
অবৈধ বা চোরাই পণ্য বহনের সন্দেহে তার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল হয়েছে সরকারি কৌঁসুলির দপ্তর ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে, তবে এখনই তাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। বিচার বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশে জব্দ করা রুপা আলামত হিসেবে রাষ্ট্রীয় হেফাজতে রাখা হয়েছে।






