ইতালিতে বহুল আলোচিত নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আসছে, যার সুফল পাবেন বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে যাওয়া অভিবাসীরা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি মাসে জানিয়েছে, ২০২৬ সালের বাজেটে আইনটি অনুমোদন পেয়েছে, যাতে নাগরিকত্ব প্রক্রিয়ায় ডিজিটাল সুবিধা যুক্ত হচ্ছে।

নতুন ব্যবস্থায় আবেদনকারীর সব তথ্য এনপিআরের মাধ্যমে ডিজিটাল সিস্টেমে থাকবে, ফলে আবেদন জমা পড়ামাত্র স্বয়ংক্রিয়ভাবে যাচাই শুরু হবে। আগে দপ্তরে দপ্তরে ঘুরে একেকটি ফাইলের নিষ্পত্তিতে কয়েক বছর লেগে যেত। দীর্ঘ সময় বৈধভাবে থেকে ১০ বছরের অপেক্ষা শেষে যাঁরা আবেদন করছেন, তাঁদের ফাইলের জট কমাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তথ্য যাচাই হবে।

বিদেশে জন্ম নেওয়া শিশুর নাগরিকত্ব ঘোষণার জন্য আগে সময় মিলত ১ বছর; নতুন বাজেট আইনে তা তিন বছর করা হয়েছে। পাশাপাশি এ বছরের ১ জানুয়ারি থেকে এমন অনেক ঘোষণায় ২৫০ ইউরো ফি আর লাগছে না।

সরকারের ‘ইতালিয়া ডিজিটাল ২০২৬’ প্রকল্পের আওতায় আগামী জুনের মধ্যে পুরো ব্যবস্থা সচল হওয়ার কথা। তখন স্মার্টফোনে স্পিড বা সিআইই (SPID/CIE) ব্যবহার করে আবেদন কোন ধাপে আছে, তা সরাসরি দেখা যাবে, যেমনটা পাসপোর্ট আবেদনকারীরা আগে থেকেই পারতেন। ডিজিটাল রূপান্তর শুরুর পর বছরের মাঝামাঝি অভিবাসীরা পূর্ণ সুবিধা পেতে পারেন।

এ পরিবর্তনে আমলাতান্ত্রিক জটিলতা অনেকটাই কমবে বলে আশা করছেন ইতালিপ্রবাসীরা। স্থানীয় অভিবাসীদের ভাষ্য, নতুন করে যাঁরা আসবেন কিংবা মৌসুমি (সিজনাল) ভিসায় এসে বৈধ পথে স্থায়ী হতে চান, তাঁদের জন্য এটি বড় সুযোগ। দক্ষ ও বৈধ অভিবাসীদের দ্রুত নাগরিকত্ব দিয়ে মূলধারায় আনাই সরকারের লক্ষ্য।