২০২৬-২৮ মেয়াদে তিন বছরে মোট ৫ লাখ শ্রমিক নেবে ইতালি। এ পরিকল্পনার প্রথম ধাপের ‘ক্লিক ডে’, অর্থাৎ অনলাইনে বৈধ কাজের ভিসার আবেদন জমার নির্ধারিত দিন শেষ হয়েছে বুধবার (১৮ ফেব্রুয়ারি)।

প্রথম ধাপের কোটা ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন: কৃষি ও পর্যটনের মতো মৌসুমি কাজে ৮৮ হাজার, অমৌসুমি বা নন-সিজনাল কাজে ৭৬ হাজার ২০০ এবং স্বনির্ভর পেশায় ৬৫০। গত ১২ জানুয়ারি থেকে ধাপে ধাপে নেওয়া আবেদনের শেষ দিনে গৃহস্থালি কাজের আবেদন ছিল বেশি।

অভিবাসন বিশেষজ্ঞদের মতে, আবাসন সনদ ও রেসিডেন্সসংক্রান্ত কড়াকড়িতে অনেকে আবেদনই করতে পারেননি। তাই শর্ত পূরণ করে যাঁরা আবেদন জমা দিতে পেরেছেন, এবার তাঁদের ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি বলেই ধারণা প্রবাসী বাংলাদেশিদের।

তবে এ সুযোগ ঘিরে দালালচক্রের তৎপরতার ব্যাপারে সাবধান থাকতে বলেছেন সংশ্লিষ্টরা। আর চলতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন করে ১ লাখ ৬৫ হাজার শ্রমিক নিয়োগের লক্ষ্যে আগাম ফরম পূরণ শিগগির শুরু হচ্ছে।