মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবনতি ও লজিস্টিক জটিলতায় ইতালির গুরুত্বপূর্ণ চারটি বিমানবন্দরে জেট জ্বালানির তীব্র ঘাটতি দেখা দিয়েছে। পরিস্থিতি সামলাতে ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান ‘এয়ার বিপি’ ৯ এপ্রিল পর্যন্ত কার্যকর একটি জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে।
সংবাদ সংস্থা এএনএসএ ও আনাদোলু এজেন্সির তথ্যমতে, ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে বৈশ্বিক সরবরাহ চেইন ভেঙে পড়ায় এ রেশনিং চালু করতে হয়েছে।
চুক্তিবদ্ধ এয়ারলাইনগুলোর উদ্দেশে দেওয়া বুলেটিনে এয়ার বিপি বোলোনিয়া, মিলান লিনাটে, ত্রেভিজো ও ভেনিস বিমানবন্দরে জ্বালানি নেওয়ায় সীমা বেঁধে দিয়েছে। সাধারণ ফ্লাইটের জন্য ত্রেভিজোতে সর্বোচ্চ ২ হাজার ৫০০ লিটার আর বোলোনিয়া ও ভেনিসে ২ হাজার লিটার জ্বালানির সীমা ঠিক করা হয়েছে; রাষ্ট্রীয় ভিআইপি ফ্লাইট, জরুরি এয়ার অ্যাম্বুলেন্স ও ৩ ঘণ্টার বেশি দূরত্বের ফ্লাইট এর বাইরে থাকবে।
আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ বলছে, মধ্যপ্রাচ্যের সংঘাত ও হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় জেট জ্বালানির জোগান নিয়ে উদ্বেগ বেড়েছে। ইউরোপের জেট ফুয়েলের বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে; নৌপথের অস্থিরতায় সরবরাহ ব্যাহত হওয়ায় বিমানবন্দরের মজুতে চাপ পড়ছে।
অবশ্য ইতালির সিভিল এভিয়েশন অথরিটির প্রেসিডেন্ট পিয়েরলুইগি ডি পালমার মতে, বর্তমান ঘাটতির মূল কারণ ‘ঈস্টার’ ছুটিতে যাত্রীচাপ বেড়ে যাওয়া। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে প্রভাব আরও গুরুতর হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
ভেনিসসহ আশপাশের বিমানবন্দরে পরিস্থিতি কিছুটা নাজুক হওয়ায় পাইলটদের আগেভাগে পর্যাপ্ত জ্বালানি নিয়ে আসতে বলা হয়েছে। বিমানবন্দর পরিচালনাকারী ‘সেভ’ জানিয়েছে, অন্য সরবরাহকারীরা স্বাভাবিকভাবে কাজ করছে; তবু কয়েক দিন ইতালিগামী যাত্রীদের এয়ারলাইনের কাছ থেকে ফ্লাইটের হালনাগাদ তথ্য জেনে নিতে বলা হয়েছে।






