ইতালির নাপোলিতে মিজানুর রহমান নামে এক বাংলাদেশির গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার (১ মে) রাতে ঘটনাটি ঘটে। খুলনার বাসিন্দা মিজানুর নাপোলির আংরি এলাকায় থাকেন।
স্থানীয় সূত্রের ভাষ্য, বাংলাদেশে মিজানুরের স্ত্রী ও সংসার থাকলেও ইতালিতে এসে তিনি এক বাংলাদেশি নারীকে বিয়ে করেন। আগের বিয়ের কথা দ্বিতীয় স্ত্রী জানতেন না বলে জানা গেছে।
দেশে থাকা প্রথম স্ত্রী ইতালিতে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলে বিষয়টি দ্বিতীয় স্ত্রীর কানে যায়। তিনি জানতে পারেন, দেশে স্বামীর আরেকটি সংসার আছে এবং সেই স্ত্রী শিগগিরই ইতালিতে আসছেন।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাতে মিজানুর ঘুমিয়ে থাকার সময় ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে ফেলা হয়। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন।
নাপোলির একটি হাসপাতালে চিকিৎসাধীন মিজানুরের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ইতালির পুলিশ অভিযুক্ত স্ত্রীকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করেছে; গুরুতর শারীরিক আঘাত ও অঙ্গহানির অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।






