ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক সম্প্রতি ইতালিয়ান কোস্টগার্ডের সদর দপ্তরে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সার্জিও লিয়ার্ডোর সঙ্গে। আলোচনায় গুরুত্ব পায় সাগরের নিরাপত্তা, সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার (এসএআর) এবং দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়।

কোস্টগার্ড এ সময় ভূমধ্যসাগরে অভিবাসী উদ্ধার তৎপরতা নিয়ে একটি তথ্যচিত্র দেখায়, যাতে সাগরপথে উদ্ধার, মানবিক সহায়তা ও নিরাপত্তার নানা দিক উঠে আসে।

কোস্টগার্ডের কমান্ড্যান্ট রোমের বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কোস্টগার্ডের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ দেখান, সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়েও জোর দেন। দূতাবাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।