বরিশালের গৌরনদীর আরিফ জোমাদ্দার মানসিক ভারসাম্য হারিয়ে এখন ইতালির বিভিন্ন শহরের পথে পথে ঘুরছেন বলে জানা গেছে। গুরুতর মানসিক বিপর্যয়ের কারণে পরিচিতজনদেরও ঠিকমতো চিনতে পারছেন না তিনি।

পরিবার জানায়, আরিফের বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে আগেই মারা গেছেন। তার বৃদ্ধা মা-ও এখন ক্যানসারে মৃত্যুশয্যায়; জীবনের শেষ সময়ে ছেলেকে একবার দেখার আকুতি জানিয়েছেন তিনি।

আরিফের এই অবস্থার খবরে উদ্বিগ্ন টরকীর বাসিন্দারা। মায়ের শেষ ইচ্ছা পূরণে আরিফকে দেশে ফেরাতে তারা ইতালিপ্রবাসী বাংলাদেশি এবং মিলানের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অথবা রোমের বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন।

তবে ইতালির বরিশাল জেলা সমিতি ফেসবুকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আরিফ এখন কোনোভাবেই দেশে ফিরতে রাজি নন। এতে বিষয়টি জটিল হয়ে উঠেছে।

প্রবাসীরা বলছেন, মানসিক অসুস্থতার কারণে আরিফ এখন নিজের ভালো-মন্দ বোঝার অবস্থায় নেই, তাই তার অনিচ্ছা অস্বাভাবিক নয়। মায়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় মানবিক বিবেচনায় আইনি প্রক্রিয়ায় তাকে উদ্ধার করা দরকার বলে মনে করেন তারা।

টরকীর বাসিন্দা ও সচেতন প্রবাসীদের দাবি, দূতাবাস এবং ইতালির স্থানীয় সমাজসেবা বা স্বাস্থ্য বিভাগ মিলে আগে আরিফের চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করুক। পরে সরকারি বা কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে মায়ের কাছে ফেরানোর অনুরোধ জানিয়েছেন তারা।

বরিশালের প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, পরিবারের কাছ থেকে লিখিত আবেদন পেলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।