বাংলাদেশ থেকে ইতালিতে উচ্চশিক্ষা নিতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ঢাকার ইতালীয় দূতাবাস। ভিসা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল সোমবার (১ জুন) এ তথ্য জানায়।
নির্দেশনা অনুযায়ী, ইতালির কোনো বিশ্ববিদ্যালয়ের পোর্টালে যারা প্রি-এনরোলমেন্ট বা প্রাথমিক নিবন্ধন শেষ করেছেন, ভিএফএস গ্লোবাল নিজেই ই-মেইলে তাদের সঙ্গে যোগাযোগ করে ভিসার আবেদন জমার সাক্ষাৎকারের তারিখ জানাবে। এ জন্য আলাদা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না; বিশ্ববিদ্যালয়ে নিবন্ধনের সময় দেওয়া ই-মেইল ঠিকানাতেই যোগাযোগ করা হবে।
স্পন্সর বা আর্থিক জামিনদারের বিষয়েও ব্যাখ্যা দিয়েছে দূতাবাস। মা-বাবা ছাড়াও নানা-নানি, দাদা-দাদি, মামা-খালা, চাচা-ফুপু এবং তাদের সন্তানেরা আর্থিক গ্যারান্টর হতে পারবেন; ইতালিতে থাকা আত্মীয়রাও স্পন্সর হিসেবে গ্রহণযোগ্য।
ভাষা দক্ষতার সনদ নিতে হবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান কিংবা অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে, আর তাতে শোনা, বলা, পড়া ও লেখার দক্ষতা আলাদাভাবে মূল্যায়িত থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার সত্যতা যাচাইয়ে ডিক্লারেশন অব ভ্যালু অথবা সিআইএমইএ (CIMEA) সনদ জমা দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে।
দূতাবাস জানিয়েছে, প্রি-এনরোলমেন্টের ভিত্তিতে শিক্ষার্থী ভিসার আবেদন করা যাবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। আগ্রহীদের এসব নির্দেশনা ঠিকভাবে মেনে চলতে বলেছে কর্তৃপক্ষ।






