ইউরোপজুড়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহে ইতালিতে এ পর্যন্ত পাঁচজন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, আসছে সপ্তাহান্তে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে।

গরমে অসুস্থ হয়ে মঙ্গলবার (২৩ জুন) ও বুধবার (২৪ জুন) আরও চারজন মারা যান—পিয়াচেঞ্জা প্রদেশে আঙুরখেতের ৬১ বছর বয়সী এক কৃষক, গারলাসকোর এক ব্যক্তি (৫৬), নেপলসের একজন গৃহহীন ও পাদোভার এক শ্রমিক। এর আগে লোদিতে মাঠে কাজের সময় মারা যান ৫৭ বছরের এক ব্যক্তি।

গরমে ফ্লোরেন্সের উফিজি গ্যালারির শীতাতপ ব্যবস্থা বিকল হওয়ায় দর্শনার্থী প্রবেশ সীমিত ও টিকিট বিক্রি সাময়িক বন্ধ রাখা হয়েছে। জরুরি কারিগরি বৈঠক ডেকেছেন স্বাস্থ্যমন্ত্রী ওরাজিও শিল্লাচি; প্রবীণ, শিশু ও ঝুঁকিতে থাকা মানুষের সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। বাইরে কাজ করা শ্রমিকদের নিরাপত্তা নিয়েও আলোচনা চলছে।

বিদ্যুৎ বিভ্রাটও দেখা দিয়েছে; আব্রুজ্জো অঞ্চলের পেসকারা ও তেরামোতে শত শত পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠান ভুগছে, কোথাও পয়ঃনিষ্কাশনও ব্যাহত।

আবহাওয়াবিদদের মতে, উত্তর আফ্রিকার দিক থেকে আসা উষ্ণ বাতাসই এ গরমের কারণ, সামনে উত্তরাঞ্চলে তাপমাত্রা আরও বাড়বে। অনেক এলাকায় রাতেও পারদ ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকবে, যা জনস্বাস্থ্যের জন্য দুশ্চিন্তার; অবনতি হলে আরও কড়া ব্যবস্থা নিতে পারে কর্তৃপক্ষ।