ইতালির মিলানে প্রবাসী বাংলাদেশিদের ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এ ক্লোজআপ ওয়ান খ্যাত শিল্পী সালমা গান গাওয়ার সময় দর্শকদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। রোববার (৫ জুলাই) স্থানীয় একটি পার্কে আয়োজিত এ উৎসব ও কনসার্ট পরিস্থিতি সামাল দিতে নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেয় আয়োজক কমিটি।
উৎসবে গান গাইতে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়ে গিয়েছিলেন লোকসংগীতশিল্পী সালমা, সাথী খান ও কিশোর দাশ। প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্য, প্রথমে কয়েকজন কিশোরের মধ্যে তুচ্ছ বিষয়ে তর্ক বাধে; পরে তা ছড়িয়ে পড়লে দর্শকদের কয়েকটি দল সংঘর্ষে জড়ায় এবং প্রাঙ্গণে আতঙ্ক তৈরি হয়।
সংঘর্ষের সময় মঞ্চে গান গাইছিলেন সালমা। স্থানীয় প্রশাসন ও পুলিশ হস্তক্ষেপ করলে প্রশাসনের নির্দেশে অনুষ্ঠান মাঝপথে থামিয়ে দেওয়া হয়, ফলে গান শেষ না করেই নিরাপত্তার শঙ্কা নিয়ে মঞ্চ ছাড়েন তিনি।
আয়োজক কমিটির এক সদস্য বলেন, প্রবাসীদের জন্য সুন্দর একটি উৎসব আয়োজন করা হলেও কয়েকজন উচ্ছৃঙ্খল যুবকের কারণে তা মাঝপথে বন্ধ করতে হয়েছে, যা দুঃখজনক। শিল্পীদের নিরাপত্তার কথা ভেবেই দ্রুত অনুষ্ঠান শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।
ঘটনাটি নিয়ে ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিদেশের মাটিতে বড় আয়োজনে নিজেদের মধ্যে মারামারি ও অনুষ্ঠান পণ্ড হওয়াকে লজ্জাজনক বলছেন সাধারণ দর্শকেরা।






