ইতালির সাংবিধানিক আদালত এক রায়ে বলেছে, কেবল অবৈধ প্রবেশ বা ভিসার মেয়াদ পেরিয়ে থাকার কারণে শেনজেন তথ্য ব্যবস্থায় (এসআইএস) কারও নামে প্রশাসনিক সিগন্যাল থাকলেই ২০২০ সালের ইমার্সিওন (সানাতোরিয়া) কর্মসূচির আবেদন আপনাআপনি বাতিল করা যাবে না। দেশটিতে থাকা কাগজপত্রহীন অভিবাসীদের জন্য রায়টি গুরুত্বপূর্ণ।
আদালতের মতে, অভিবাসন আইনের সংশ্লিষ্ট বিধানে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিলের যে ব্যবস্থা ছিল, তা সংবিধানের সমতা ও ন্যায্য আচরণের নীতির পরিপন্থী। তাই এখন থেকে প্রতিটি ফাইল আলাদা করে বিস্তারিতভাবে যাচাই করতে হবে; শুধু এসআইএস সিগন্যাল দেখিয়ে আবেদন নাকচ করা চলবে না।
যেসব বাংলাদেশিসহ অভিবাসীর আবেদন শুধু অবৈধ প্রবেশ বা ওভারস্টের কারণে আটকে ছিল বা প্রত্যাখ্যাত হয়েছিল, রায়ে তারাই সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন। কর্তৃপক্ষকে এখন আবেদনকারীর ব্যক্তিগত অবস্থা, কর্মসংস্থান, ইতালিতে বসবাসের বাস্তবতা ও জননিরাপত্তার দিক বিবেচনা করে সিদ্ধান্ত দিতে হবে।
তবে গুরুতর অপরাধ, সন্ত্রাসবাদ, মাদক পাচারে জড়িত বা জননিরাপত্তার জন্য হুমকি বিবেচিত ব্যক্তিরা এ রায়ের সুবিধা পাবেন না বলে আদালত স্পষ্ট করেছে; তাদের ক্ষেত্রে আগের আইনেই ব্যবস্থা নেওয়া যাবে। বিশেষজ্ঞদের পরামর্শ, যাদের আবেদন ঝুলে আছে বা একই কারণে নাকচ হয়েছে, তারা অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে ফাইল পুনর্বিবেচনার আবেদন করতে পারেন।






