ইতালির মেস্ত্রে শহরের খ্যাতনামা থিয়েট্রো করসোতে সম্প্রতি গান গেয়েছেন নগরবাউল জেমস। বহুল প্রতীক্ষিত এ কনসার্ট ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস।

আয়োজকেরা জানান, অনুষ্ঠানের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল এবং বিক্রির পরপরই মিলনায়তন ভরে যায়। জেমস মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠেন দর্শকেরা; জনপ্রিয় গানগুলোতে তাদের উন্মাদনায় পুরো মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে।

এই উন্মাদনা নজর কেড়েছে ইতালীয় গণমাধ্যমেরও। জানা গেছে, স্থানীয় পত্রিকা গ্যাজেট্টিনোর প্রতিবেদনে জেমসকে ইন্দো-পাক অঞ্চলের ভাস্কো রসি হিসেবে বর্ণনা করা হয়েছে।

ভাস্কো রসি ইতালির কিংবদন্তি রক তারকা, দেশটির সংগীতজগতে তার জনপ্রিয়তা বিপুল। তার সঙ্গে এই তুলনাকে জেমসের আন্তর্জাতিক জনপ্রিয়তা ও রক সংগীতে তার দীর্ঘ প্রভাবের প্রতি ইতালীয়দের আগ্রহের নজির হিসেবে দেখা হচ্ছে।

এ কনসার্ট প্রবাসী বাংলাদেশিদের গণ্ডি ছাড়িয়ে ইতালীয় দর্শক ও সংবাদমাধ্যমের সামনেও বাংলাদেশের রক সংগীতকে তুলে ধরেছে।