ইতালির কাতানিয়া শহরে দুই বিদেশি পর্যটকের ভুলে রেখে যাওয়া প্রায় ১০ হাজার ইউরো ও পাসপোর্টসহ কাগজপত্রভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. ইরান শিকদার। রেস্টুরেন্টের এই ওয়েটারের বাড়ি মাদারীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে, বাবার নাম ওমর আলী শিকদার।
উজবেকিস্তানের দুই পর্যটক মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে (স্থানীয় সময়) কাতানিয়ার ‘লা বারকা’ রেস্টুরেন্টে খেতে আসেন। খাওয়া শেষে চলে যাওয়ার সময় সঙ্গে থাকা একটি ব্যাগ ভুলে রেখে যান তাঁরা। তাতে ছিল আনুমানিক ১০ হাজার ইউরো (প্রায় ১৫ লাখ টাকা) আর পাসপোর্টসহ জরুরি কাগজ।
ব্যাগটি দেখে ইরান শিকদার আশপাশে মালিকদের খুঁজতে থাকেন। প্রায় এক ঘণ্টা পর হতাশ পর্যটকেরা ব্যাগের খোঁজে ফিরে এলে সবকিছুসহ অক্ষত অবস্থায় ব্যাগটি তাঁদের ফিরিয়ে দেন তিনি। ইরানের সততায় মুগ্ধ হয়ে দুই পর্যটক তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান।






