ইতালিতে মসজিদে তালা থাকায় খোলা পার্কেই জুমার নামাজ পড়ছেন জানিয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন ইতালিপ্রবাসী রিহান মাহমুদ। নিজের প্রোফাইলে শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে পোস্টটি দেন তিনি, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
পোস্টের শুরুতেই রিহান মাহমুদ লেখেন, মসজিদে তালা ঝুলছে বলে পার্কেই তাঁদের জুমা। এরপর তিনি জানান, ইতালির সব আইন মেনে ও শ্রদ্ধা রেখে তাঁরা শান্তিপূর্ণভাবে নামাজ পড়েন, তারপর কেউ বাসায়, কেউ কর্মস্থলে ফিরে যান; কোনো ঝামেলায় জড়াতে চান না তাঁরা।
তাহলে মুসলিমদের ঘিরে কেন বারবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি করা হচ্ছে, সে প্রশ্ন তোলেন এই প্রবাসী। তাঁর অভিযোগ, আইনে, সামাজিক মাধ্যমে, রাস্তায়—সবখানেই মুসলিমদের বাধার মুখে পড়তে হচ্ছে। পোস্টে তিনি লেখেন, ‘মসজিদ বন্ধ করতে পারো, কিন্তু আমাদের শান্তিপূর্ণ সিজদা বন্ধ করতে পারবে না।’
একই বক্তব্য ইতালীয় ভাষাতেও দিয়েছেন রিহান মাহমুদ। সেখানেও তিনি আইন মেনে শান্তিপূর্ণভাবে নামাজ শেষে ঘরে বা কাজে ফেরার কথা বলেন এবং মুসলিমদের নিয়ে উত্তেজনা না ছড়ানোর আহ্বান জানান।
ফেসবুক প্রোফাইল বলছে, রিহান মাহমুদের বাড়ি চট্টগ্রামে, এখন থাকেন ইতালির ভেনিসে। প্রোফাইলের পরিচিতিতে নিজেকে তিনি ডিজিটাল ক্রিয়েটর বলে উল্লেখ করেছেন।






