ইতালির সারদিনিয়া দ্বীপের ওলবিয়া শহরের কেন্দ্রস্থলে একটি রেস্টুরেন্টে ডাকাতির ঘটনায় রায়হান নামের এক বাংলাদেশি যুবকসহ চারজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় (স্থানীয় সময়)। আহত অন্য তিনজন নাইজেরিয়া, ইতালি ও ব্রাজিলের নাগরিক।

জানা গেছে, আলজেরীয় বংশোদ্ভূত এক ব্যক্তি প্রথমে পাশের পিৎজা-কাবাবের একটি বাঙালি দোকানে ঢোকে; সুবিধা করতে না পেরে সে ছুটে যায় ইসি এশিয়ান ফিউশন রেস্টুরেন্টে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন তাকে মেরে ফেলতে তাড়া করছে বলে সে চিৎকার করে সাহায্য চায়; মালিকের স্ত্রী তাকে রান্নাঘরে ঢুকতে বলেন, পুলিশ ডাকার কথাও জানান।

তবে লোকটি হঠাৎ ধারালো ছুরি বের করে এলেনার গলায় ঠেকিয়ে টাকা চায়। প্রায় ২-৩ মিনিট ছুরি ধরে রেখে কেউ এগোলে মেরে ফেলার হুমকি দিচ্ছিল সে; প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সে তখন নেশাগ্রস্ত ছিল।

সেদিন রায়হান ছুটিতে ছিলেন, রেস্টুরেন্টের সামনে থেকে মসজিদে যাচ্ছিলেন; পরিস্থিতি দেখে তিনি দৌড়ে ভেতরে ঢোকেন। রায়হান জানান, বসের স্ত্রীর গলায় ছুরি থাকায় প্রথমে কেউ এগোননি, কারণ এগোলেই আঘাত করতে পারত। দু-তিন মিনিট পর লোকটি ধীরে পেছনে হেলে পড়লে তিনি, সিয়াম মোল্লা ও সালমানসহ কয়েকজন মিলে তাঁকে উদ্ধারে যান।

তখনই লোকটি রায়হানের ওপর ছুরি চালায় এবং শরীরের কয়েক জায়গায় জখম করে বলে জানান তিনি। পরে রায়হান তার হাত থেকে ছুরি কেড়ে নেন; পুলিশ এলে ডাকাতকে তাদের হাতে দেওয়া হয়।

অ্যাম্বুলেন্সে প্রাথমিক চিকিৎসার পর আহতদের নেওয়া হয় ওলবিয়ার জিওভান্নি পাওলো হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের ১৪ দিন বিশ্রামে থাকতে বলেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত করছে এবং অভিযুক্তের বিরুদ্ধে মামলার ব্যবস্থা নিয়েছে।