অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্তে নেমেছে ইতালির ভেনিস প্রশাসন। দেশটির সংবাদমাধ্যম ‘ইল গাজ্জেত্তিনো’ স্থানীয় সময় মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানায়, হামলাকারীদের চিহ্নিত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও খতিয়ে দেখছে পুলিশের একটি বিশেষ শাখা।

প্রতিবেদন অনুযায়ী, ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ওরিয়ন্তি’ বিভাগে নির্বাচিত, রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ছবির প্রতিনিধি হিসেবে বাঁধন এখন ভেনিসে আছেন। পত্রিকাটি জানায়, শহরের মেস্ত্রে এলাকায় তাঁর ওপর শারীরিক হামলা চালান ও তাঁকে লাঞ্ছিত করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা; এ সময় তাঁকে ‘জুলাই যোদ্ধা’ বলে গালাগাল করা হয়।

এর আগে সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে লাইভে এসে হামলার কথা জানান বাঁধন। তিনি অভিযোগ করেন, ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে যাওয়ার পর একদল প্রবাসী বাঙালি তাঁকে হেনস্তা করে, গায়ে পানি ও কোল্ড ড্রিংকস ছুড়ে মারে, ফোন কেড়ে নিয়ে ফেলে দেয় এবং কানের পাশে আঘাত করে। হামলার জন্য তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইতালিপ্রবাসী কর্মীদের দায়ী করেন।

বাঁধনের দাবি, হামলাকারীরা নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দিয়ে তাঁকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলাতে চেয়েছিল এবং পুরো ঘটনা ভিডিও ও লাইভ করছিল। সঙ্গে থাকা তাঁর ছোট ভাতিজা ভয়ে চিৎকার করছিল বলে জানান তিনি। জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়ার কথা উল্লেখ করে বাঁধন বলেন, তাঁকে দমানো সহজ নয়; তবে ‘আমার মনে হয়েছিল, আজকে আমাকে মেরে ফেলতে পারে।’

ঘটনাটি নিয়ে দেশের শিল্পাঙ্গনে ক্ষোভ ছড়িয়েছে। অভিনেত্রী পরী মণি ঘটনার ভিডিও শেয়ার করে হামলাকারীদের কড়া ভাষায় সমালোচনা করেন। মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল লিখেছেন, মানুষ দিন দিন নিষ্ঠুর ও সংবেদনহীন হয়ে উঠছে, বিশেষ করে নারী ও শিল্পীদের প্রতি।

জাকিয়া বারী মম হেনস্তার ভিডিও শেয়ার করে ঘৃণা জানান এবং আরেক পোস্টে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সাফা কবিরের মতে, দেশের বাইরে চলচ্চিত্র ও মাতৃভূমির প্রতিনিধিত্ব করতে গিয়ে একজন শিল্পীর অপমান, হয়রানি ও আতঙ্কের মুখে পড়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এবং অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ও আলাদা পোস্টে নিন্দা জানিয়ে দেশে-বিদেশে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি তুলেছেন।