ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ, উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ‘এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, ইতালি’। জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তি এবং বাঁধনকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার দাবিতে মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) রোমের বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
সংগঠনের আহ্বায়ক রাসেল মুহাম্মদের সই করা স্মারকলিপিটি রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রফিকুল হকের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, ৭ সেপ্টেম্বর ইতালিতে থাকার সময় বাঁধন হামলার শিকার হন; সংগঠনটি তাঁকে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জুলাই বিপ্লবের অন্যতম কণ্ঠস্বর হিসেবে উল্লেখ করেছে। তাদের ভাষ্য, শ্রম ও মেধায় ইতালিপ্রবাসী বাংলাদেশিরা দেশের যে ইতিবাচক ভাবমূর্তি গড়েছেন, সেখানে একজন খ্যাতিমান বাংলাদেশির ওপর এমন হামলা গোটা কমিউনিটির সম্মান ও নিরাপত্তাকেই ঝুঁকিতে ফেলেছে।
রাষ্ট্রদূতের কাছে সংগঠনটি চার দফা প্রস্তাব ও দাবি তুলে ধরে। প্রথমত, দূতাবাস থেকে বাঁধনকে পূর্ণ আইনি ও প্রশাসনিক সহায়তা দেওয়া এবং ইতালীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করা; দ্বিতীয়ত, ইতালির পুলিশের সহায়তায় হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে সে দেশের আইনে কঠোরতম শাস্তি নিশ্চিত করা।
তৃতীয় দাবি, আইনসম্মতভাবে চিহ্নিত অপরাধীদের তথ্য সংগ্রহ করে ঢাকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে কূটনৈতিক পদক্ষেপ নেওয়া। চতুর্থত, সাধারণ প্রবাসী, সাংস্কৃতিক কর্মী ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় ইতালিসহ সব দেশে দ্রুত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা চালু করা।
সংগঠনের নেতারা আশা করেন, রাষ্ট্রদূতের সুনির্দিষ্ট পদক্ষেপে দূতাবাসের প্রতি প্রবাসীদের আস্থা অটুট থাকবে এবং বাঁধন দ্রুত ন্যায়বিচার পাবেন।






