বিপন্ন প্রজাতির একটি কুমিরের মমি করা মাথা পাওয়া গেছে ইতালির তুরিন শহরের ক্যাসেল বিমানবন্দরে, এক যাত্রীর ব্যাগে। দেশটির ফাইন্যান্সিয়াল পুলিশ ও শুল্ক বিভাগ মাথাটি উদ্ধার করে; বন্যপ্রাণীর দেহাংশ অবৈধভাবে বহন করে ওয়াশিংটন কনভেনশন ভাঙার অভিযোগে যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
কাস্টমসের তথ্যমতে, ইতালীয় ওই নাগরিক যুক্তরাষ্ট্রের মায়ামিতে ছুটি শেষে ইস্তাম্বুল ঘুরে তুরিনে ফেরেন। গোপন তথ্যের ভিত্তিতে ব্যাগ খুলে বাদামি কাগজে মোড়ানো শুকনো মাথাটি পাওয়া যায়, তল্লাশি এড়াতে যা লুকানো ছিল; পরে তা জব্দ করা হয়।
ইতালির অর্থ ও শুল্ক পুলিশ জানায়, লাইসেন্স ছাড়া সুরক্ষিত বন্যপ্রাণী বা তার অংশ দেশে আনার দায়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার ২০ হাজার থেকে ২ লাখ ইউরো জরিমানা বা ছয় মাস থেকে এক বছরের জেল হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বিরল ও বিপন্ন প্রাণী-উদ্ভিদের আন্তর্জাতিক কেনাবেচা নিয়ন্ত্রণে ১৯৭৩ সালে সই হওয়া সাইটিস চুক্তির আওতায় কুমিরের নানা প্রজাতি সুরক্ষিত। এমন প্রাণীর দেহাংশ বা তা দিয়ে তৈরি স্মারক না জেনে কিনে আনাও গুরুতর আইনভঙ্গ বলে পর্যটকদের সতর্ক করেছে ইতালির কর্তৃপক্ষ।






