ইতালিপ্রবাসী বাংলাদেশিদের হাতে গড়া ট্রাভেল প্রতিষ্ঠান পপুলার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস্ টানা তৃতীয়বার এমিরেটসের স্বীকৃতি পেয়েছে। দুবাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির হাতে ‘এমিরেটস ইতালি অ্যাওয়ার্ডস ২০২৬’-এর সম্মাননা তুলে দেওয়া হয়।
এমিরেটসের সঙ্গে দীর্ঘ সময়ের সফল অংশীদারত্ব, ধারাবাহিকতা ও উল্লেখযোগ্য বিক্রির স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়। প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাদাত হোসাইন সাজু।
প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের মতে, এ অর্জনের পেছনে আছে টিম পপুলারের সম্মিলিত চেষ্টা ও নিষ্ঠা, সঙ্গে গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের দীর্ঘদিনের আস্থা ও সহযোগিতা। কমিউনিটির একটি প্রতিষ্ঠানের টানা তিন বছর আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়াকে গর্বের বিষয় হিসেবে দেখছেন তাঁরা, আর প্রতিষ্ঠানটি একে ভবিষ্যতে আরও ভালো সেবার অনুপ্রেরণা বলছে।






