কাজু বাদামের স্বাদ অনেকেরই প্রিয়। মিষ্টি থেকে বিকেলের নাশতা—নানা খাবারে এই বাদামের ব্যবহার দেখা যায়। তবে এটি কি শুধুই স্বাদের জন্য, নাকি শরীরের জন্যও উপকারী? পুষ্টিবিদদের ভাষ্য অনুযায়ী, কাজু বাদামে প্রোটিন, উপকারী ফ্যাট, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, তামা ও ফসফরাসের মতো পুষ্টি উপাদান রয়েছে। পরিমিত পরিমাণে খেলে শরীরের নানা কাজে সহায়তা মিলতে পারে।

হার্টের স্বাস্থ্য, হাড়, পেশি ও রোগ প্রতিরোধ ক্ষমতা—বিভিন্ন ক্ষেত্রেই কাজু বাদামের ভূমিকা রয়েছে। তবে উপকার পেতে হলে জানতে হবে কতটা এবং কীভাবে খাওয়া উচিত।

হার্টের জন্য উপকারী

কাজু বাদামে মনোআনস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড ফ্যাট থাকে, যা শরীরের জন্য ভালো। খাবারে ক্ষতিকর স্যাচুরেটেড ফ্যাটের বদলে এই ধরনের ফ্যাট রাখলে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। ২০১৭ সালের একটি গবেষণায় দেখা গেছে, নিয়মিত কাজু বাদাম খেলে ক্ষতিকর কোলেস্টেরল বা এলডিএল কমে। ফলে সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে কাজু হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক হতে পারে।

হাড় ও পেশির যত্ন

হাড় মজবুত রাখতে শুধু ক্যালসিয়াম নয়, ম্যাগনেশিয়াম, ফসফরাস ও তামারও প্রয়োজন। কাজু বাদামে এই খনিজগুলো পাওয়া যায়। ম্যাগনেশিয়াম পেশির সংকোচন ও প্রসারণ এবং স্নায়ুর স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি শরীরের বিভিন্ন বিপাকীয় কাজেও এই খনিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় পরিমিত কাজু বাদাম রাখলে প্রয়োজনীয় কিছু পুষ্টি উপাদান পাওয়া যায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা সচল রাখে

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে জিঙ্ক ও তামার প্রয়োজন। কাজু বাদামে এই দুই খনিজই রয়েছে। জিঙ্ক রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যকারিতা এবং কোষের বৃদ্ধিতে সাহায্য করে। অন্যদিকে, তামা শরীরে আয়রন ব্যবহারের প্রক্রিয়া ও শক্তি উৎপাদনে ভূমিকা রাখে। এছাড়া কাজুতে থাকা ম্যাঙ্গানিজ শরীরের বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়ায় সহায়তা করে।

শক্তি জোগায়, পেট ভরা রাখে

কাজু বাদামে প্রোটিন, ফ্যাট ও শর্করা থাকায় এটি শরীরকে শক্তি জোগাতে পারে। পাশাপাশি প্রোটিন ও ফ্যাট হজম হতে তুলনামূলক বেশি সময় লাগে। ফলে কাজু খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকার অনুভূতি হতে পারে। বিকেলে বারবার খিদে পেলে চিপস বা ভাজাভুজির পরিবর্তে অল্প কাজু বাদাম খেতে পারেন। ওটস, দই কিংবা ফলের সঙ্গেও মিশিয়ে খাওয়া যায়।

যেভাবে খাবেন, সতর্কতা

কাজু বাদাম খাওয়ার ক্ষেত্রে পরিমাণের দিকে নজর রাখা জরুরি। প্রতিদিন এক ছোট মুঠো বা প্রায় ২৮ গ্রাম কাজু অনেকের জন্য উপযুক্ত হতে পারে। তবে ব্যক্তির খাদ্যাভ্যাস ও শারীরিক চাহিদা অনুযায়ী পরিমাণ বদলাতে পারে। কাঁচা বা শুকনো খোলায় ভাজা, লবণহীন কাজু খাওয়াই ভালো। নাশতা, সালাদ, ওটস কিংবা দইয়ের সঙ্গে মিশিয়েও খেতে পারেন।

কাজু বাদামে ক্যালরি ও ফ্যাটের পরিমাণ তুলনামূলক বেশি। তাই অতিরিক্ত খেলে দৈনিক ক্যালরি গ্রহণ বেড়ে যেতে পারে। যাদের কাজু বা অন্য বাদামে অ্যালার্জি রয়েছে, তাদের এটি এড়িয়ে চলতে হবে। তাই কাজু বাদাম খাওয়ার ওপর নির্ভর করে সুস্থ থাকা সম্ভব নয়। কাজু বাদামের পাশাপাশি সুষম খাবার, পর্যাপ্ত পানি পান, নিয়মিত হাঁটাচলা এবং পর্যাপ্ত ঘুমও জরুরি। কোনো বিশেষ শারীরিক সমস্যা বা খাদ্যসংক্রান্ত বিধিনিষেধ থাকলে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে খাদ্যতালিকা তৈরি করুন।

তথ্যসূত্র: ওয়েবএমডি, গুড ফুড এসএকেওয়াই

Source: জাগো নিউজ২৪