গোসলের পর অনেকেরই মুখের ত্বক টানটান লাগে। তখন হাতের কাছে যা পাওয়া যায়, তা–ই মুখে মেখে নেওয়ার প্রবণতা দেখা যায়। অনেক সময় শরীরে মাখার বডি লোশনই মুখে ব্যবহার করা হয়। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাসে মুখের ত্বকের গুরুতর ক্ষতি হতে পারে। তাঁরা বলছেন, শরীর ও মুখের ত্বকের গঠন এক নয়। তাই শরীরের জন্য তৈরি সব প্রসাধনী মুখে ব্যবহার করা ঠিক নয়। বডি লোশনের কিছু উপাদান মুখের সংবেদনশীল ত্বকে ব্রণ, র‍্যাশ কিংবা অ্যালার্জির সমস্যা তৈরি করতে পারে।

শরীরের অন্যান্য অংশের তুলনায় মুখের ত্বক অনেক বেশি সংবেদনশীল। বিশেষ করে চোখ, নাক ও ঠোঁটের আশপাশের ত্বক বেশ নরম। অন্যদিকে হাত-পা বা শরীরের ত্বক তুলনামূলক পুরু। তাই শরীরের ত্বকের কথা মাথায় রেখে তৈরি বডি লোশন মুখের ত্বকে সব সময় উপযুক্ত নাও হতে পারে। বডি লোশনে অনেক সময় তেল, মাখন বা অন্যান্য ভারী উপাদান ব্যবহার করা হয়। এগুলো শরীরের শুষ্ক ত্বক আর্দ্র রাখতে সাহায্য করলেও মুখে মাখলে কারও কারও লোমকূপ বন্ধ হয়ে যেতে পারে। ফলে দেখা দিতে পারে ব্রণ, ব্ল্যাকহেডস কিংবা ছোট ছোট দানা। বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত বা ব্রণপ্রবণ, তাদের এ বিষয়ে সতর্ক থাকা জরুরি।

এছাড়া বডি লোশনে সুগন্ধি বা ফ্র্যাগরেন্স ব্যবহার করা হয়। শরীরের ত্বকে এসব উপাদান সমস্যা তৈরি না করলেও মুখের সংবেদনশীল ত্বকে জ্বালাপোড়া, চুলকানি ও লালচে ভাব দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে অ্যালার্জির সমস্যাও হতে পারে। আবার শুষ্ক ও খসখসে ত্বকের জন্য তৈরি কিছু বডি লোশনে ইউরিয়া বা ল্যাকটিক অ্যাসিডের মতো উপাদান থাকে। নির্দিষ্ট মাত্রায় এসব উপাদান ত্বকের যত্নে কার্যকর হলেও মুখের সংবেদনশীল ত্বকে ভুল পণ্য বা অতিরিক্ত ব্যবহারে অস্বস্তি তৈরি হতে পারে। যাদের একজিমা বা আগে থেকেই ত্বকের সমস্যা রয়েছে, তাঁদের আরও সতর্ক থাকা প্রয়োজন।

ত্বকের ধরন বুঝে বেছে নিন মুখের ক্রিম

মুখের ত্বক ভালো রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার জরুরি। তবে বাজারে পাওয়া যেকোনো ক্রিম ব্যবহার করলেই হবে না। নিজের ত্বকের ধরন বুঝে সঠিক পণ্য বেছে নিতে হবে।

  • তৈলাক্ত ত্বক: যাদের মুখে সহজেই তেল জমে বা ব্রণ বেরোয়, তাঁরা হালকা ও তেলমুক্ত ময়েশ্চারাইজার বেছে নিন। পণ্যের গায়ে ‘নন-কমেডোজেনিক’ লেখা রয়েছে কি না দেখে নিতে পারেন। এই ধরনের পণ্য লোমকূপ বন্ধ হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে।
  • শুষ্ক ত্বক: মুখের ত্বক অতিরিক্ত শুষ্ক হলে এমন ময়েশ্চারাইজার ব্যবহার করুন, যাতে গ্লিসারিন, সিরামাইড বা হায়ালুরোনিক অ্যাসিড রয়েছে। এই উপাদানগুলো ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। বিশেষ করে শীতকালে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি।
  • সংবেদনশীল ত্বক: যাদের ত্বকে সহজেই চুলকানি, জ্বালাপোড়া বা লালচে ভাব দেখা দেয়, তারা সুগন্ধিমুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন। নতুন কোনো পণ্য মুখে লাগানোর আগে অল্প জায়গায় পরীক্ষা করে নেওয়া ভালো।
  • মিশ্র ত্বক: কারো মুখের গাল শুষ্ক, আবার কপাল ও নাক তৈলাক্ত হতে পারে। এমন ত্বকের ক্ষেত্রে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। প্রয়োজন অনুযায়ী শুষ্ক অংশে একটু বেশি ময়েশ্চারাইজার লাগাতে পারেন।

দিনের বেলায় সানস্ক্রিন ব্যবহার জরুরি

শুধু ময়েশ্চারাইজার ব্যবহার করলে হবে না। দিনের বেলায় বাইরে বের হওয়ার আগে অন্তত এসপিএফ ৩০ যুক্ত ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এটি সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দিতে সাহায্য করে। রোদে দীর্ঘ সময় থাকলে নির্দেশনা অনুযায়ী সানস্ক্রিন আবার লাগাতে হবে।

বডি লোশন কি কখনো মুখে ব্যবহার করা যায়?

সব বডি লোশনই যে মুখে ব্যবহার করা যাবে না, বিষয়টি এমন নয়। কিছু ময়েশ্চারাইজার মুখ ও শরীর—উভয় জায়গায় ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়। পণ্যের গায়ে ব্যবহারের নির্দেশনা দেখে নিতে হবে। মুখে ব্যবহারের উপযোগী হলে এবং ত্বকে সহ্য হলে তা ব্যবহার করা যেতে পারে। তবে কোনো প্রসাধনী ব্যবহারের পর মুখে চুলকানি, জ্বালাপোড়া বা লালচে ভাব দেখা দিলে সেটি ব্যবহার বন্ধ করুন। সমস্যা না কমলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

ত্বকের যত্নে দামি প্রসাধনী ব্যবহার করাই শেষ কথা নয়। বরং নিজের ত্বকের ধরন বুঝে সঠিক পণ্য বেছে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাতের কাছে যা পাওয়া যায়, তা মুখে মাখার অভ্যাস এড়িয়ে চলুন। এই সতর্কতাই ত্বককে অনেক অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে দূরে রাখতে পারে।

তথ্যসূত্র: জাগো নিউজ লাইফস্টাইল, আলুর, ইন্ডিয়া টুডে, ভোগ এসএকেওয়াই

Source: জাগো নিউজ২৪