বিয়ে মানেই যে বিপুল আয়োজন, আলোকসজ্জা ও বাহারি খাবারের ব্যবস্থা করতে হবে—এমন ধারণা অনেকেরই থাকে। কিন্তু এই বিশেষ মুহূর্ত উদযাপন করতে গিয়ে সারা জীবনের সঞ্চয় শেষ করে ফেলার প্রয়োজন নেই। বরং কৌশলী পরিকল্পনা ও অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে কম বাজেটেও একটি সুন্দর বিয়ের আয়োজন করা সম্ভব, বলে জানিয়েছে জীবনধারণবিষয়ক ওয়েবসাইটগুলো।
বিয়ের আনন্দ আসলে জাঁকজমকের মধ্যে নয়, বরং প্রিয় মানুষদের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করে নেওয়ার মধ্যে। তাই বাজেট কম হলেও মন খারাপের কিছু নেই। জেনে নিন, কীভাবে কম খরচে বিয়ের আয়োজন করবেন।
আগে থেকেই বাজেট ঠিক করুন
বিয়ের আয়োজনের প্রথম কাজ হলো মোট কত টাকা খরচ করতে পারবেন, তা নির্ধারণ করা। বাজেট ঠিক না করে কেনাকাটা শুরু করলে একের পর এক খরচ বাড়তে থাকে। তাই শুরুতেই পোশাক, গয়না, খাবার, ভেন্যু, সাজসজ্জা, ফটোগ্রাফি ও অন্যান্য খরচের জন্য আলাদা বরাদ্দ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কোন খাতে কত টাকা ব্যয় করা হবে, তার একটি তালিকা তৈরি করা উচিত। চেষ্টা করা উচিত নির্ধারিত বাজেটের মধ্যেই সব আয়োজন শেষ করার। পাশাপাশি হঠাৎ কোনো খরচ সামনে এলে সামাল দেওয়ার জন্য কিছু টাকা আলাদা রাখাও জরুরি।
অতিথির তালিকা ছোট রাখুন
বিয়ের খরচ অনেকটাই নির্ভর করে অতিথির সংখ্যার ওপর। অতিথি যত বেশি হবে, খাবার, বসার ব্যবস্থা ও ভেন্যুর খরচও তত বাড়বে। তাই শুধু পরিচিত সবাইকে আমন্ত্রণ জানানোর পরিবর্তে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও কাছের বন্ধুদের নিয়েই আয়োজন করা যেতে পারে। এতে অনুষ্ঠান হবে আরও আন্তরিক, আর খরচও অনেকটা কমবে। বিয়েতে কাকে আমন্ত্রণ জানানো হচ্ছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রিয় মানুষের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটানো।
বাড়ি বা ছোট ভেন্যু বেছে নিন
বড় কমিউনিটি সেন্টার বা বিলাসবহুল হোটেলে অনুষ্ঠান করলে ভাড়ার পেছনেই অনেক টাকা চলে যায়। বাজেট কম হলে বাড়ির ছাদ, নিজস্ব উঠান কিংবা ছোট কোনো কমিউনিটি হল বেছে নেওয়া যেতে পারে। আত্মীয়স্বজনের বাড়িতে পর্যাপ্ত জায়গা থাকলেও সেখানে আয়োজন করা যায়। তবে জায়গা নির্বাচনের আগে অতিথিদের বসার ব্যবস্থা, যাতায়াত ও অন্যান্য সুবিধার বিষয়গুলো বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে। ছোট পরিসরে সুন্দর করে সাজালেও বিয়ের আয়োজন আকর্ষণীয় হতে পারে।
পোশাক ও গয়নায় বুদ্ধি করে খরচ করুন
বিয়ের পোশাকের ক্ষেত্রে অনেকে এক দিনের অনুষ্ঠানের জন্য বিপুল টাকা খরচ করেন। কিন্তু একটু খোঁজখবর করলেই তুলনামূলক কম দামে সুন্দর পোশাক পাওয়া যায়। স্থানীয় বুটিক, অনলাইন শপ কিংবা পরিচিত ডিজাইনারদের কাছ থেকে পোশাক কেনা যেতে পারে। আবার পরিবারের পুরোনো শাড়ি বা গয়না নতুনভাবে সাজিয়ে পরলেও আলাদা সৌন্দর্য ফুটে উঠতে পারে। বিয়ের পোশাকের পাশাপাশি পরবর্তী সময়েও ব্যবহার করা যাবে, এমন পোশাক বেছে নিলে খরচের সঠিক ব্যবহার হবে।
সাজসজ্জায় রাখুন সৃজনশীলতা
বিয়ের মঞ্চ সাজাতে দামি ফুল, ঝাড়বাতি কিংবা বিদেশি সাজসজ্জার উপকরণের প্রয়োজন নেই। স্থানীয় ফুল, রঙিন কাপড়, কাগজের তৈরি সাজসজ্জা এবং ছোট ছোট আলোকসজ্জা দিয়েই সুন্দর পরিবেশ তৈরি করা সম্ভব। চাইলে পরিবারের সদস্য বা বন্ধুদের সাহায্যে নিজেরাই মঞ্চ সাজানো যেতে পারে। সাজসজ্জার ক্ষেত্রে অতিরিক্ত জিনিস ব্যবহার না করে একটি নির্দিষ্ট রং বা থিম অনুসরণ করলে অল্প খরচেও অনুষ্ঠান পরিপাটি ও নান্দনিক লাগবে।
খাবারের মেনু সীমিত রাখুন
বিয়ের খাবারের পেছনে বড় অঙ্কের টাকা খরচ হয়। অতিথিদের খুশি করতে গিয়ে অনেক পদ রাখার প্রয়োজন নেই। বরং কয়েকটি ভালো মানের খাবার রাখাই যথেষ্ট, যেমন পোলাও, মাংস, একটি সবজি বা সালাদ এবং মিষ্টি। খাবারের পরিমাণ ও মানের দিকে বিশেষ নজর দেওয়া জরুরি। অতিথির সংখ্যার সঙ্গে মিলিয়ে খাবারের অর্ডার দিলে অপচয়ও কম হবে। একাধিক ক্যাটারিং প্রতিষ্ঠানের খরচ যাচাই করেই তারপর সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ছবি ও ভিডিওর জন্য পরিকল্পনা করুন
বিয়ের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু নামি ফটোগ্রাফার নিয়োগ করলেই ভালো ছবি পাওয়া যাবে, এমন নয়। বাজেটের মধ্যে কাজ করেন এমন অভিজ্ঞ ফটোগ্রাফার খুঁজে নেওয়া যেতে পারে। আগেভাগে তাঁর কাজের নমুনা দেখে নেওয়া উচিত। বন্ধু বা পরিবারের কারও ফটোগ্রাফির দক্ষতা থাকলে তাঁর সাহায্যও নেওয়া যেতে পারে। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো যেন বাদ না পড়ে, সে বিষয়ে আগে থেকে পরিকল্পনা করে রাখার গুরুত্ব রয়েছে।
অপ্রয়োজনীয় খরচ বাদ দিন
বিয়ের অনুষ্ঠানে অনেক সময় লোকদেখানো প্রতিযোগিতা থেকে অতিরিক্ত খরচ হয়ে যায়। একাধিক অনুষ্ঠান, দামি উপহার, অতিরিক্ত আলোকসজ্জা কিংবা অপ্রয়োজনীয় আয়োজন বাদ দেওয়া যেতে পারে। দুই পরিবারের সঙ্গে আলোচনা করে কোন অনুষ্ঠানগুলো সত্যিই প্রয়োজন, তা ঠিক করা জরুরি। বিয়ের কার্ডের ক্ষেত্রেও ডিজিটাল আমন্ত্রণপত্র ব্যবহার করা যেতে পারে। এতে ছাপার খরচ কমবে, পাশাপাশি সময়ও বাঁচবে।
বিয়ে যে জীবনের নতুন অধ্যায়ের সূচনা, সেদিকে নজর দিতে পরামর্শ দেওয়া হয়েছে। এই দিনটিকে সুন্দর করে তুলতে বিপুল অর্থ ব্যয় করার প্রয়োজন নেই। বরং সামর্থ্যের মধ্যে পরিকল্পিত আয়োজন করার কথা বলা হয়েছে। ঋণ করে বা সঞ্চয় ভেঙে লোকদেখানো অনুষ্ঠানের আয়োজন না করে ভবিষ্যতের জন্য কিছু অর্থ জমিয়ে রাখার তাগিদ দেওয়া হয়েছে। কারণ, এক দিনের জাঁকজমকের চেয়ে পরবর্তী জীবনের সুখ, শান্তি ও আর্থিক স্বস্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তথ্যসূত্র: ফ্যামিলি লাইফ, নিউজ এইটটিন, ব্রাইডস এসএকেওয়াই।
Source: জাগো নিউজ২৪






