কেক খেতে ভালোবাসেন, কিন্তু বাড়িতে কেক তৈরির সব উপকরণ নেই? চিন্তার কিছু নেই। রান্নাঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়েই তৈরি করা যায় মজাদার চকলেট কেক। এ জন্য প্রয়োজন হবে না ওভেন, বেকিং পাউডার কিংবা মাখন।
জাগো নিউজের লাইফস্টাইল বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
উপকরণ
- চকলেট বিস্কুট: প্যাকেট (যেকোনো ব্র্যান্ড)
- দুধ: প্রয়োজনমতো
- ইনো (ফুড গ্রেড): ১ চা-চামচ
প্রস্তুত প্রণালি
প্রথমে চকলেট বিস্কুটগুলো ছোট ছোট টুকরো করে নিন। এবার ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে গুঁড়া করে নিন। ব্লেন্ডার না থাকলে পরিষ্কার পলিথিনে বিস্কুট রেখে বেলনা দিয়ে গুঁড়া করা যেতে পারে।
একটি বড় বাটিতে বিস্কুটের গুঁড়া ঢেলে অল্প অল্প করে দুধ মেশান। এবার ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে মিশ্রণে কোনো দলা না থাকে। মিশ্রণটি খুব বেশি পাতলা বা ঘন করা যাবে না। কেকের ব্যাটারের মতো ঘনত্ব রাখতে হবে।
এরপর ব্যাটারের মধ্যে এক চা-চামচ ইনো দিয়ে হালকাভাবে মিশিয়ে নিন। ইনো মেশানোর পর বেশি সময় ফেলে রাখা যাবে না।
একটি কেকের পাত্রে সামান্য তেল মাখিয়ে নিন। চাইলে বাটির নিচে বাটার পেপারও দেওয়া যেতে পারে। এবার তৈরি করা ব্যাটার পাত্রে ঢেলে দিন।
একটি গভীর কড়াইয়ে স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ৫ মিনিট মাঝারি আঁচে গরম করুন। এরপর কেকের পাত্রটি স্ট্যান্ডের ওপর বসিয়ে ঢেকে দিন। কম আঁচে প্রায় ২৫-৩০ মিনিট বেক করুন।
টুথপিক ঢুকিয়ে পরীক্ষা করে দেখুন। টুথপিক পরিষ্কার বেরিয়ে এলে কেক তৈরি। ঠান্ডা হলে পাত্র থেকে বের করে পরিবেশন করতে হবে। চাইলে ক্রিম দিয়ে ডেকোরেশন করা যেতে পারে। তবে তাৎক্ষণিক চকলেট কেকের ক্রেভিং মেটাতে চাইলে শুধুই খাওয়া যায়।
কিছু জরুরি টিপস
- কেক আরও সুস্বাদু করতে চাইলে ওপরে গলানো চকলেট বা চকলেট চিপস ছড়িয়ে দেওয়া যেতে পারে। তবে এগুলো ঐচ্ছিক।
- ইনো ব্যবহারের পর ব্যাটার বেশি নাড়াচাড়া করবেন না। এতে কেকের ভেতরটা নরম ও তুলতুলে হওয়ার সম্ভাবনা বাড়বে।
মাত্র তিনটি উপকরণেই তৈরি হয়ে যাবে ঘরোয়া চকলেট কেক। চায়ের কাপের সঙ্গে পরিবেশন করতে পারেন নিজের হাতে তৈরি মজাদার এই কেক।
তথ্যসূত্র: জাগো নিউজ লাইফস্টাইল।
Source: জাগো নিউজ২৪






