বিরিয়ানি খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবে একই স্বাদের বিরিয়ানি খেতে খেতে অনেকেরই একঘেয়েমি লাগতে পারে। স্বাদে একটু নতুনত্ব আনতে চাইলে মুরগির মাংস ভেজে তৈরি করতে পারেন মজাদার চিকেন বিরিয়ানি। রোস্টের স্বাদে তৈরি এই বিরিয়ানির স্বাদ ও ঘ্রাণ দুটোই হবে অতুলনীয়। এটি ঘরোয়া উপকরণেই সহজে রান্না করা যায়। তাই পরিবারের সবাইকে চমকে দিতে আজই তৈরি করে ফেলুন ভিন্ন স্বাদের এই চিকেন বিরিয়ানি। আসুন জেনে নেওয়া যাক কীভাবে রান্না করবেন ভিন্ন স্বাদের চিকেন বিরিয়ানি।
উপকরণ
প্রথমে মুরগির মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। সামান্য লবণ, এক চিমটি হলুদ-মরিচ গুঁড়া এবং ফেটানো ডিম দিয়ে মাংসগুলো ভালোভাবে মেখে নিতে হবে। ডিম মেখে ভেজে নিলে চিকেনের রং সোনালি হবে। এরপর প্যানে তেল ও সামান্য ঘি গরম করে মাংসের টুকরোগুলো রোস্টের মতো হালকা সোনালি করে ভেজে তুলে রাখতে হবে। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই।
প্রস্তুত প্রণালি
একই প্যানে প্রয়োজনমতো তেল ও ঘি দিয়ে গোটা গরম মশলার ফোড়ন দিতে হবে। এবার পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা ও সামান্য লবণ দিয়ে মশলা কষিয়ে নিতে হবে। কাঁচা গন্ধ চলে গেলে টক দই ও বিরিয়ানির মশলা দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা চিকেন দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে ঢেকে দিতে হবে এবং মৃদু আঁচে কষাতে থাকতে হবে।
মাংস প্রায় সিদ্ধ হয়ে এলে এবং মশলা গাঢ় হয়ে এলে চিকেনের টুকরোগুলো সাবধানে তুলে আলাদা একটি পাত্রে রেখে দিতে হবে। বিরিয়ানির বাকি মশলা ও ঝোলের মধ্যেই ধুয়ে রাখা চাল দিয়ে ২-৩ মিনিট হালকা নেড়ে ভেজে নিয়ে পরিমাণমতো গরম পানি ও স্বাদমতো লবণ দিয়ে ঢেকে দিতে হবে।
পানি অর্ধেক শুকিয়ে চাল প্রায় ৮০ শতাংশ সিদ্ধ হয়ে এলে তুলে রাখা চিকেনের টুকরোগুলো চালের ওপর ছড়িয়ে দিতে হবে। এর ওপর পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, ধনেপাতা কুচি, সামান্য ঘি এবং চাইলে কয়েক ফোঁটা কেওড়া জল ছড়িয়ে দিতে হবে।
এবার ঢাকনা ভালোভাবে আটকে চুলার আঁচ একদম কমিয়ে দমে রাখতে হবে ১০-১৫ মিনিট। দম শেষে চুলা বন্ধ করে আরও কয়েক মিনিট ঢাকনা না খুলেই রেখে দিতে হবে।
গরম গরম এই ভিন্ন স্বাদের চিকেন বিরিয়ানিতে সামান্য বেরেস্তা ও ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করতে হবে।
তথ্যসূত্র: জাগো নিউজ লাইফস্টাইল
Source: জাগো নিউজ২৪






