ফ্যাশন জগতে প্রতিনিয়তই নতুন নতুন ট্রেন্ড আসছে। কখনো ভারী মেকআপ, কখনো রঙিন পোশাক, আবার কখনো চোখধাঁধানো সাজে মাতেন তরুণীরা। তবে এসবের ভিড়ে এখন জনপ্রিয় হয়ে উঠেছে একেবারে বিপরীতধর্মী একটি ট্রেন্ড—‘ক্লিন গার্ল লুক’। বিশেষ করে জেন জি (জেনারেশন জেড) প্রজন্মের তরুণীদের মধ্যে এই সাজের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। খুব বেশি মেকআপ নয়, অতিরিক্ত সাজসজ্জাও নয়, বরং পরিচ্ছন্ন, পরিপাটি ও স্বাভাবিক সৌন্দর্য ফুটিয়ে তোলাই এই লুকের মূল লক্ষ্য।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম, টিকটক ও পিন্টারেস্টে চোখ রাখলেই ক্লিন গার্ল লুকের নানা অনুষঙ্গ দেখা যায়। টানটান করে বাঁধা চুল, উজ্জ্বল ও সতেজ ত্বক, হালকা মেকআপ, ছোট সোনালি গয়না আর সাদামাটা পোশাক মিলিয়েই তৈরি হয় এই বিশেষ স্টাইল। দেখতে সাধারণ মনে হলেও এই সাজের মধ্যে থাকে বেশ কিছু সূক্ষ্ম পরিকল্পনা।
ত্বকের যত্নেই সাজের শুরু
ক্লিন গার্ল লুকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সতেজ ও পরিচ্ছন্ন ত্বক। তাই এই সাজে ভারী ফাউন্ডেশন বা একাধিক মেকআপ পণ্যের বদলে ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ফুটিয়ে তোলার দিকে নজর দেওয়া হয়। নিয়মিত ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করা, ত্বকের উপযোগী ময়েশ্চারাইজার ব্যবহার এবং দিনের বেলায় সানস্ক্রিন লাগানো এই লুকের প্রস্তুতির অংশ। মেকআপের ক্ষেত্রে ব্যবহার করা যায় হালকা কভারেজের টিন্টেড ময়েশ্চারাইজার বা বিবি ক্রিম। চোখের নিচে প্রয়োজন অনুযায়ী অল্প কনসিলার, গালে হালকা গোলাপি বা পিচ রঙের ব্লাশ এবং ঠোঁটে ন্যুড বা পিঙ্ক লিপ বাম ব্যবহার করা হয়। ত্বকে যেন স্বাভাবিক আভা থাকে, সেদিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। তবে ত্বক নিখুঁত বা দাগহীন হওয়া এই লুকের শর্ত নয়।
পরিপাটি চুলেই আলাদা আকর্ষণ
ক্লিন গার্ল লুকের অন্যতম পরিচিত অনুষঙ্গ হলো পরিপাটি করে বাঁধা চুল। মাঝখানে সিঁথি করে টানটান পনিটেল, লো বান কিংবা স্লিক বান—এই ধরনের হেয়ারস্টাইল বেশ জনপ্রিয়। চুলের সামনের অংশে বেবি হেয়ার এলোমেলো না রেখে হালকা হেয়ার জেল বা ওয়াক্স দিয়ে গুছিয়ে নেওয়া হয়। চুল খোলা রাখতে চাইলে সোজা বা হালকা ঢেউ খেলানো চুলও বেছে নেওয়া যায়। তবে চুল যেন পরিষ্কার ও গোছানো দেখায়, সেটিই মূল বিষয়। চুলের সাজে বড় ক্লিপ বা অতিরিক্ত অলংকারের বদলে ছোট ক্লিপ, স্ক্রাঞ্চি কিংবা সাধারণ হেয়ারব্যান্ড ব্যবহার করা যায়।
পোশাকে সাদামাটা রং ও স্বাচ্ছন্দ্য
এই ট্রেন্ডে পোশাকের ক্ষেত্রেও প্রাধান্য পায় মিনিমাল স্টাইল। সাদা, কালো, বেইজ, ক্রিম, ধূসর কিংবা প্যাস্টেল রঙের পোশাক ক্লিন গার্ল লুকের সঙ্গে বেশ মানানসই। ঢিলেঢালা সাদা শার্ট, বেসিক টি-শার্ট, ট্যাংক টপ, ওয়াইড লেগ প্যান্ট কিংবা সাদামাটা জিনস হতে পারে পছন্দের তালিকায়। পোশাকের কাটিং ও ফিটিংয়ের দিকে নজর রাখলে সাধারণ পোশাকেও আনা যায় স্টাইলিশ ভাব। যেমন সাদা শার্টের সঙ্গে বেইজ ট্রাউজার, কিংবা সাদামাটা টপের সঙ্গে নীল জিনস। খুব বেশি নকশা বা ঝলমলে কাজ না থাকলেও রঙের সামঞ্জস্যে তৈরি হয় পরিপাটি লুক।
ছোট গয়নাতেই সাজ পূর্ণতা
ক্লিন গার্ল লুকে গয়নার ব্যবহারও বেশ সংযত। ছোট গোল্ডেন হুপ ইয়াররিং, চিকন চেইন, মিনিমাল পেনড্যান্ট, ছোট স্টাড কিংবা সরু ব্রেসলেট এই সাজের সঙ্গে মানানসই। একসঙ্গে অনেক গয়না না পরে দু-একটি পছন্দের অনুষঙ্গ ব্যবহার করাই ভালো। এর পাশাপাশি ছোট ও পরিপাটি হাতব্যাগ, সানগ্লাস এবং সিম্পল ঘড়িও সাজে যোগ করতে পারে বাড়তি আকর্ষণ। জুতার ক্ষেত্রে সাদা স্নিকার্স, লোফার কিংবা সাধারণ স্যান্ডেল বেছে নেওয়া যায়।
কেন জেন জিদের পছন্দের তালিকায় এই লুক
ব্যস্ত জীবনযাত্রায় অল্প সময়ে নিজেকে পরিপাটি করে তোলার সুযোগ দেয় ক্লিন গার্ল লুক। প্রতিদিন ভারী মেকআপ বা জাঁকজমকপূর্ণ পোশাকের প্রয়োজন হয় না। পড়াশোনা, অফিস, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা ক্যাফেতে ঘুরতে যাওয়ার মতো বিভিন্ন উপলক্ষেই মানিয়ে যায় এই সাজ। তবে ক্লিন গার্ল লুক মানেই দামি প্রসাধনী, ব্র্যান্ডের পোশাক কিংবা নিখুঁত ত্বক নয়। নিজের স্বাচ্ছন্দ্য বজায় রেখে পরিচ্ছন্ন ও গোছানোভাবে নিজেকে উপস্থাপন করাই এর মূল কথা। ফ্যাশনের এই ট্রেন্ড তাই শুধু সাজের ধরন নয়, বরং কম উপকরণে নিজের স্বাভাবিক সৌন্দর্যকে ফুটিয়ে তোলার একটি জনপ্রিয় কৌশল।
তথ্যসূত্র: হু ওয়াট ওয়্যার ও ভোগ এসএকেওয়াইয়ের প্রতিবেদন অনুযায়ী।
Source: জাগো নিউজ২৪






