রোমান্টিক ভালোবাসাকে প্রায়ই এমনভাবে দেখা হয়, যেন কাউকে ভালোবাসার অর্থ তার সবকিছু মেনে নেওয়া। কিন্তু বাস্তবে প্রত্যেক মানুষেরই কিছু দুর্বলতা ও সীমাবদ্ধতা থাকে। মানুষ নিজেকে বদলাতে ও উন্নত করতে পারে বলে সঙ্গীরা নিজেদের এবং সম্পর্কের উন্নতি চান। তবে কাউকে ভালো হতে উৎসাহিত করা আর তাকে বদলে ফেলার চেষ্টার মধ্যে পার্থক্য কোথায়? সম্পর্ক ভালো রাখতে কি সঙ্গীর স্বভাব বদলানো জরুরি, নাকি নিজস্বতা বজায় রেখেও সম্পর্কের উন্নতি সম্ভব? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেছে মনোবিজ্ঞানের গবেষণা।
দাম্পত্য জীবনে পরিবর্তন ও বিকাশ
দীর্ঘমেয়াদি সম্পর্কে সময়ের সঙ্গে সঙ্গীদের মধ্যে পরিবর্তন আসে। তবে পরিবর্তন ও বিকাশ এক বিষয় নয়। পরিবর্তন ইতিবাচক, নেতিবাচক বা নিরপেক্ষ হতে পারে। অন্যদিকে বিকাশ বলতে ইতিবাচক দিকে এগিয়ে যাওয়াকে বোঝায়। বাইরের পরিস্থিতিতে পরিবর্তন আসতে পারে, কিন্তু বিকাশের জন্য সাধারণত নিজের আগ্রহ ও নিয়মিত চেষ্টা প্রয়োজন। দাম্পত্য জীবনে একে অপরকে আরও ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করা গুরুত্বপূর্ণ। ‘মাইকেল অ্যাঞ্জেলো ফেনোমেনন’ নিয়ে গবেষণায় দেখা গেছে, ঘনিষ্ঠ সঙ্গীরা একে অপরকে নিজেদের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব ও অবস্থানের দিকে এগিয়ে যেতে সাহায্য করতে পারেন। দাম্পত্য জীবন শুধু ভালোবাসা ও একে অপরের চাহিদা পূরণের মধ্যে সীমাবদ্ধ নয়। ব্যক্তিগত বিকাশে সহযোগিতা করাও এর অংশ। যে সম্পর্কে দুজনের কেউই নিজেকে বিকশিত করার সুযোগ পান না, সেই সম্পর্ক দীর্ঘদিন সন্তোষজনক না-ও থাকতে পারে।
সঙ্গীর ব্যক্তিগত বিকাশে উৎসাহ দেওয়া ইতিবাচক। কিন্তু তার মৌলিক পরিচয় বা স্বকীয়তা বদলে দেওয়ার চেষ্টা ভালোবাসার বদলে প্রত্যাখ্যানের অনুভূতি তৈরি করতে পারে।
পরিবর্তনের গভীরতা ও পরিমাণ
সঙ্গীকে বদলে ফেলার চেষ্টা সম্পর্কের ক্ষতি করতে পারে। এ ক্ষেত্রে পরিবর্তনের দুটি দিক গুরুত্বপূর্ণ—গভীরতা ও পরিমাণ। পরিবর্তনের গভীরতা নির্ভর করে কী বদলাতে বলা হচ্ছে তার ওপর। যেমন, সঙ্গীকে আরও বিবেচক হতে বলা আর তার মৌলিক মূল্যবোধ বা ব্যক্তিত্ব বদলাতে বলা এক নয়। অন্যদিকে, পরিবর্তনের পরিমাণ নির্ভর করে কত ঘন ঘন ও কতটা জোর দিয়ে তা চাওয়া হচ্ছে। ঘরের কাজ নিয়ে একবার পরামর্শ দেওয়া গঠনমূলক হতে পারে। কিন্তু প্রতিদিন এ নিয়ে সমালোচনা করলে সঙ্গী বিরক্ত ও ক্লান্ত হতে পারেন।
অনেক সময় একটি আচরণ দেখেই সঙ্গীর ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা তৈরি হয়। যেমন, ঘরের কাজ করতে ভুলে গেলে সেটিকে সাধারণ ভুল না ভেবে স্বার্থপরতা মনে করা হতে পারে। সঙ্গীর ব্যক্তিত্ব বদলানোর চেষ্টা তার স্বকীয়তায় আঘাত করতে পারে। আবার ছোটখাটো বিষয় নিয়ে ক্রমাগত সমালোচনাও সম্পর্কের ক্ষতি করে।
সুস্থ সম্পর্কের জন্য একে অপরকে গ্রহণ করার পাশাপাশি ইতিবাচক পরিবর্তনে উৎসাহ দেওয়া জরুরি। তবে মানিয়ে নেওয়া ও ছেড়ে দেওয়ার দায়িত্ব দুজনেরই।
নারীরা কেন সঙ্গীর পরিবর্তন বেশি চান?
একটি গবেষণায় দেখা গেছে, বিবাহবিচ্ছেদ ও বিয়ের বাইরের সম্পর্কের সমাপ্তি—দুই ক্ষেত্রেই পুরুষের তুলনায় নারীরা বেশি উদ্যোগী। রিচার্ড হেইম্যান ও তাঁর সহকর্মীদের ২০০৯ সালের গবেষণায় দেখা যায়, নারীরা সঙ্গীর মধ্যে পরিবর্তনও বেশি চান। নারীরা সাধারণত আবেগের ঘনিষ্ঠতা, একসঙ্গে সময় কাটানো, ঘরের কাজে সহযোগিতা ও সন্তান লালন-পালনে সঙ্গীর অংশগ্রহণ বাড়াতে চান। অন্যদিকে, পুরুষেরা যৌন সম্পর্কের পরিমাণ বাড়াতে বেশি আগ্রহী।
তবে নারী-পুরুষ উভয়েই একই ধরনের পরিবর্তন চান। পার্থক্য শুধু চাওয়ার মাত্রায়। যেমন, একসঙ্গে সময় কাটানো বাড়াতে নারীদের আগ্রহ বেশি, আর যৌন সম্পর্কের ক্ষেত্রে পুরুষদের। এর সম্ভাব্য কারণ, নারীরা সম্পর্কের গুণগত দিকগুলোকে বেশি গুরুত্ব দেন। তবে এগুলো সাধারণ প্রবণতা, সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। নারী-পুরুষ উভয়েই সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে অসন্তুষ্ট হতে পারেন।
শেষ কথা
আমরা চাই, সঙ্গী আমাদের যেমন আছি, তেমনভাবেই গ্রহণ করুন। পাশাপাশি আরও ভালো মানুষ হয়ে উঠতেও সাহায্য করুন। সঙ্গীর মতামত গ্রহণ করলে নিজেদের ভুলত্রুটি শুধরে নেওয়া ও সম্পর্কের উন্নতি সম্ভব। তবে এর জন্য নিজের পরিচয় বিসর্জন দিতে হয় না। সঙ্গীকে নিজের স্বার্থে বদলাতে চাওয়া আর তার ব্যক্তিগত বিকাশে সহযোগিতা করা এক নয়।
সুস্থ সম্পর্ক গড়ে ওঠে পারস্পরিক সহযোগিতা ও স্বকীয়তা বজায় রাখার মাধ্যমে। সঙ্গীকে গ্রহণ করার অর্থ তাকে অপরিবর্তিত থাকতে বলা নয়। বরং একে অপরের বর্তমান অবস্থাকে মেনে নিয়ে আরও ভালো হয়ে উঠতে সাহায্য করাই ভালোবাসার সৌন্দর্য। গ্রহণযোগ্যতা ও ব্যক্তিগত বিকাশ—দুটিই একটি সম্পর্কে পাশাপাশি থাকতে পারে।
তথ্যসূত্র: জাগো নিউজ লাইফস্টাইল ও সাইকোলজি টুডে
Source: জাগো নিউজ২৪






