মালয়েশিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন নরসিংদী জেলার নবীনগরের সালাউদ্দিন। চিকিৎসার অভাবে জীবনসংকটে থাকা এই প্রবাসী দ্রুত দেশে ফিরতে চাইলেও চিকিৎসা ও ফেরার বিপুল খরচ জোগাড় করতে পারছেন না।

শ্বাসকষ্টজনিত জটিলতা নিয়ে তিনি কুয়ালালামপুরের তেনংগু আম্পুয়ান রাহিমাহ হাসপাতালে ভর্তি। হাসপাতাল বিল, স্পেশাল পাস ও বিমান টিকিট মিলিয়ে তাঁকে ফেরাতে দরকার ২০ হাজার রিঙ্গিত, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ টাকা; এ অর্থ জোগাড় করা পরিবারের সাধ্যের বাইরে।

২০২০ সালের দিকে ভাগ্য বদলের আশায় মালয়েশিয়ায় যান সালাউদ্দিন। ভিসা জটিলতা, কাজ করেও নিয়মিত বেতন না পাওয়া এবং ধারদেনার চাপে একসময় তিনি অসুস্থ হয়ে পড়েন।

স্বজনদের অভিযোগ, টাকার অভাবে নিয়মিত চিকিৎসা না পাওয়ায় তাঁর অবস্থা দ্রুত খারাপ হচ্ছে; দ্রুত দেশে ফেরানো না গেলে তাঁকে জীবিত ফিরে পাওয়া নিয়েই শঙ্কায় তাঁরা। সন্তানেরা হয়তো বাবার শেষ দেখাটুকুও পাবে না।

এ অবস্থায় সাংবাদিক মোহাম্মদ আলী ও ফেনীর মেহদী হাসান তাঁর পাশে দাঁড়িয়েছেন; মেহদী হাসান মানবিক কারণে তাঁকে নিজের বাসায় রেখে চিকিৎসা ও দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছেন। তাঁর ভাষ্য, বৈধ কাগজপত্র না থাকায় চিকিৎসা পেতেও ঝামেলা হচ্ছে এবং আর্থিক সহায়তা ছাড়া সালাউদ্দিনকে দেশে পাঠানো একেবারেই সম্ভব নয়।

সালাউদ্দিনের পরিবার প্রবাসী বাংলাদেশি ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে আর্থিক সহায়তা চেয়েছে। সহায়তা বা যেকোনো প্রয়োজনে যোগাযোগ: মোহাম্মদ আলী +60182100344, মেহদী হাসান +601161873503।