অবৈধ অভিবাসী কর্মী শনাক্তে এবার থার্মাল ড্রোন কাজে লাগাচ্ছে মালয়েশিয়া। কুয়ালালামপুরের চেরাস তামান ইমান এলাকায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে ইমিগ্রেশন ও জাতীয় নিবন্ধন বিভাগের যৌথ অভিযানে ৫৬ বাংলাদেশিসহ ২১৮ বিদেশি কর্মী গ্রেপ্তার হয়েছেন।
দেশটির সরকারি বার্তা সংস্থা বার্নামা শুক্রবার (৩০ জানুয়ারি) জানায়, ধরা পড়া এড়াতে অনেকে ভবনের ছাদ, ড্রেন ও ঘরের সিলিংয়ের ভেতরে লুকিয়েছিলেন। থার্মাল ড্রোনের সাহায্যে এমন ১৫ জনকে খুঁজে বের করা হয়।
অভিযানের বিস্তারিত জানান ধাতুক লোকমান এফেন্দি রামলি, যিনি ইমিগ্রেশন বিভাগের (অপারেশন) ডেপুটি ডিরেক্টর জেনারেল। তাঁর ভাষ্য, দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশনের ২৭৯ জন ও জাতীয় নিবন্ধন বিভাগের ১০ জন কর্মকর্তা এতে অংশ নেন।
সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলা অভিযানে এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক ভবনে ১ হাজার ৮৭ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। গ্রেপ্তার ২১৮ জনের ১৬৬ জনই পুরুষ, নারী ৫২ জন।
গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি মিয়ানমারের ৭৮ জন; এরপর বাংলাদেশের ৫৬, ইন্দোনেশিয়ার ৪৪, নাইজেরিয়ার ১২, নেপালের ১০, ভারতের ৫ ও শ্রীলঙ্কার ৪ জন, বাকি ৯ জন অন্যান্য দেশের। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাঁদের সেমেনিহ ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।




