মালয়েশিয়ার হুলু তেরেঙ্গানু জেলায় একটি নির্মাণাধীন এলাকা থেকে পাচারের শিকার তিন বাংলাদেশি কর্মীকে উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে গোপন খবরের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

জেলা পুলিশপ্রধান সুপারিনটেনডেন্ট শারুদিন আব্দুল ওয়াহাব জানান, উদ্ধার হওয়াদের বয়স ২৯ থেকে ৪৪ বছর।

তদন্তে জানা গেছে, দালালের প্রতারণার শিকার তিনজন স্থানীয় একটি কোম্পানিতে শোষণের মুখে পড়েন; পাঁচ মাস খাটিয়েও তাঁদের বেতন দেওয়া হয়নি। পেট চালাতে তাঁরা খালের মাছ, বনের ফল আর লতাপাতা খেয়ে বেঁচে ছিলেন।

অভিযুক্ত নিয়োগকর্তা তাঁদের পাসপোর্ট আটকে রাখেন, থাকারও ভালো ব্যবস্থা করেননি বলে তদন্তে উঠে এসেছে। শ্রমিক শোষণের অভিযোগে ৪৬ বছর বয়সী এক স্থানীয় নিয়োগকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ; প্রাথমিক ধারণা, তিনি কর্মীদের জোর করে কাজ করাতেন।

উদ্ধার তিনজনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সুরক্ষা আদেশের আবেদন করা হয়েছে। মালয়েশিয়ার মানবপাচার ও অভিবাসী চোরাচালানবিরোধী আইন ২০০৭-এর ১২ ও ৪৪ ধারায় ঘটনার তদন্ত চলছে।