মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজ্যের ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) অভিযানে ২২২ বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ অভিযানে জেপিএন, জেটিকে ও সিআইডিবিসহ ৬৪ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
তেরেঙ্গানু ইমিগ্রেশনের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নর জানান, ৩১৬ বিদেশিকে তল্লাশি করে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ ভঙ্গের দায়ে ২২৬ জনকে ধরা হয়, যাঁদের ২২২ জন বাংলাদেশি, তিনজন ইন্দোনেশীয় ও একজন ভারতীয়।
প্রাথমিকভাবে তাঁদের বিরুদ্ধে কাগজপত্র না থাকা, মেয়াদোত্তীর্ণ অবস্থান ও ভিসার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে, যা ইমিগ্রেশন আইন ১৯৬৩ রেগুলেশনের ৩৯(বি) প্রবিধানের আওতাভুক্ত। তাঁদের কুয়ালা বেরংয়ের আজিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।
ইউসরি জানান, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তেরেঙ্গানুতে বাংলাদেশসহ আটটি দেশের ৪১৫ জন অনিবন্ধিত অভিবাসী কর্মী আটক হয়েছেন।




