মালয়েশিয়ায় অবৈধ অবস্থান ও অভিবাসন আইন ভঙ্গের অভিযোগে আটক ৩০ বিদেশির মধ্যে দোষ স্বীকার করা ২৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজা পাওয়াদের মধ্যে ৪ জন বাংলাদেশি ও ২২ জন ইন্দোনেশিয়ার নাগরিক।
তেলুক ইনতান ম্যাজিস্ট্রেট আদালতে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এ রায় দেন বিচারক নাইদাতুল আথিরাহ আজমান। বৈধ কাগজপত্র ছাড়া দেশটিতে ঢোকার দায়ে বাংলাদেশিসহ ৮ জনকে অভিবাসন আইনের (ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/১৯৬৩) ৬(১)(সি) ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৪ মাসের কারাদণ্ড ও একটি করে বেত্রাঘাতের আদেশ দেওয়া হয়।
আরও ১৮ জন ইন্দোনেশীয় নাগরিককে ১৫(১)(সি) ধারায় ৫ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। নিজেদের নির্দোষ দাবি করা আরও ৪ ইন্দোনেশীয়র বিচার আপাতত স্থগিত; ১৫(১)(বি) ধারায় করা তাঁদের মামলার পরবর্তী শুনানি ১ এপ্রিল।
১৮ থেকে ৫৫ বছর বয়সী এই ৩০ জনকে গত ১৩ ফেব্রুয়ারি বাগান দাতুকের সুঙ্গাই পায়ুং এলাকায় একটি পাম অয়েল বাগানে অভিযান চালিয়ে আটক করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
রাষ্ট্রপক্ষে ছিলেন নুর দারউইস আগনিয়া হালিম আজিজি (ডেপুটি পাবলিক প্রসিকিউটর); আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।




