মালয়েশিয়ার জোহর বারুতে ইমিগ্রেশন কর্মকর্তা পরিচয় দিয়ে এক বাংলাদেশি যুবকের কাছে চাঁদা দাবির অভিযোগে দুই স্থানীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইস্কান্দার পুতেরি জেলার পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার এম কুমার সান শুক্রবার (১৩ মার্চ) এক বিবৃতিতে ঘটনাটি জানিয়ে সাধারণ মানুষ, বিশেষত বিদেশি নিয়োগকর্তাদের সতর্ক থাকতে বলেন।
বিবৃতি অনুযায়ী, এক বাংলাদেশিকে আটকে ১৬০০ রিংগিত দাবির অভিযোগ ৮ মার্চ থানায় জমা পড়ে। তদন্তের পর সোমবার (৯ মার্চ) রাতে অভিযান চালিয়ে তামান নুসা বেস্তারি থেকে দুই অভিযুক্তকে ধরা হয়, যাদের বয়স ৪০ ও ৪১ বছর।
পুলিশ জানায়, ২৩ বছর বয়সী ওই যুবকের পথ আটকে নিজেদের ইমিগ্রেশন পুলিশ পরিচয় দেন অভিযুক্ত দুজন এবং তাকে ছাড়ার বিনিময়ে ১৬০০ রিংগিত চান। ভুক্তভোগীর বড় ভাই বিষয়টি জেনে পুলিশকে জানালে দ্রুত দুজনকে শনাক্ত করা হয়।
তাদের কাছ থেকে নগদ ৮০ রিংগিত, একটি গাড়ি, বিভিন্ন ব্র্যান্ডের ৯টি মোবাইল ফোন, দুটি ওয়াকিটকি ও ভুক্তভোগীর পাসপোর্টের ফটোকপি জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তদের আগেও অপরাধের রেকর্ড আছে। দণ্ডবিধির ৪১৯ ধারায় (ছদ্মবেশে প্রতারণা) তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।




