মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশি ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়ার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা এবং দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। রোববার (১৫ মার্চ) শহরের কিংস্টোন হোটেলে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ ইব্রাহিম শেখ।
বিচারকের দায়িত্বে ছিলেন বিশ্বের কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজরা—ক্বারী আবু রায়হান, হাফেজ মাওলানা ইকরামুল হক, মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা ও হাফেজ জুবায়ের আহমেদ তাসরিফ। প্রবাসীদের অংশগ্রহণে পুরো আয়োজনে ধর্মীয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়।
প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার নাগরিক ও রাজপরিবারের সদস্য দাতো ডা. হাসনিজাল হাসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (লেবার) মো. সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন নাদিম ইফা গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন (সিআইপি), এক্সট্রিম ফাইভের চেয়ারম্যান দাতো রওশন দাস, বিএম প্লাটিনাম গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুমন আহমেদ এবং সোনালী জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক আবু বক্কর সিদ্দিক (নাছিম)সহ কয়েকটি প্রতিষ্ঠানের কর্ণধার। সংগঠনের সভাপতি মোহাম্মদ রাজু, ফাউন্ডার সেক্রেটারি মোহাম্মদ রমজান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহাগসহ নেতারাও ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. জুবায়ের হোসেন। মালয়েশিয়ায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ভূমিকার স্বীকৃতি হিসেবে আয়োজক কমিটি কয়েকজন গণমাধ্যমকর্মীকে সম্মাননা সনদ দেয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুরা পায় সার্টিফিকেট, আর বিচারিক দক্ষতা ও অবদানের জন্য বিচারকদেরও সম্মাননা সনদ দেওয়া হয়।
শেষ পর্বে মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি চেয়ে মোনাজাত পরিচালনা করেন মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা।




